

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পটুয়াখালী জেলা কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পথে দুমকি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুল ইসলাম খানের (৩৮) মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে।
কারা ও পারিবারিক সূত্র জানায়, শুক্রবার দুপুরের পর বুকে ব্যথা অনুভব করলে বিকেল তিনটার দিকে তাঁকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে বিকেল পাঁচটার দিকে বরিশালে পাঠানো হয়। তবে বরিশাল নেওয়ার পথে তিনি মারা যান। শফিকুল ইসলামের ভাই জাহিদুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বছরের ১১ আগস্ট বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় শফিকুল ইসলাম খানকে গ্রেপ্তার করে পুলিশ। পরে জামিনে মুক্ত হওয়ার পর পটুয়াখালী সদর থানার আরও দুটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন।
পারিবারিক সূত্রের দাবি, কারাগারে থাকার সময় এর আগেও কয়েকবার অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি।
পটুয়াখালী জেলা কারাগারের জেলার মো. আব্দুর রব মিয়া বলেন, “হাজতি শফিকুল ইসলাম অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে বরিশাল নেওয়ার পথে তিনি মারা যান। পরবর্তী প্রক্রিয়া বরিশাল কারা কর্তৃপক্ষ সম্পন্ন করবে।”
বরিশাল কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মুহাম্মদ মঞ্জুর হোসেন বলেন, “বরিশাল হাসপাতালের চিকিৎসকেরা তাঁকে জীবিত পাননি। পথিমধ্যেই তাঁর মৃত্যু হয়েছে। মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।”
মন্তব্য করুন
