

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভারত সীমান্তের শূন্যরেখায় সীমান্ত আইন লঙ্ঘন করে টিকটক ভিডিও বানাতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যের সঙ্গে এক বাংলাদেশি যুবকের বাকবিতণ্ডা ও বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গির একটি ভিডিও ভাইরাল হয়েছে। এ ভিডিও নিয়ে ইতোমধ্যে সামাজিক মাধ্যমে আলোচনার ঝড় উঠেছে। কসবা উপজেলার তারাপুর সীমান্তের ২০৩৯ পিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটেছে। ভিডিওটি ছড়িয়ে পড়লে মানুষের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বিকেলে এমডি নীরব নামের ওই যুবকের আইডি থেকে আপলোড করা ভিডিওতে দেখা যায়, ওই যুবকসহ বেশ কয়েকজন কসবায় বর্ডার হাটের পাশে সীমান্তের কাঁটাতারের গা ঘেঁষে অবস্থান করছে। এ সময় এক বিএসএফ সদস্য তাদের সেখান থেকে সরে যেতে বলেন। কিন্তু ওই যুবক সরে না গিয়ে উল্টো বিএসএফ সদস্যের দিকে তাকিয়ে আবু সাঈদ ভঙ্গিতে হাত উঁচিয়ে গুলি করতে বলে এবং বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে তাকে উত্যক্ত করতে থাকে।
এক পর্যায়ে তাকে বলতে শোনা যায়, “ভিডিও করলে আপনার সমস্যা কোথায়? আমরা আমাদের দেশে আছি আর আপনি আপনার দেশে আছেন।” অথচ যুবকের জানা নেই, সে যেখানে দাঁড়িয়ে আছে সেটি শূন্যরেখা। সেখানে তার যাওয়ার আইনগত অনুমতি নেই। বিজিবির চোখ ফাঁকি দিয়ে বর্ডার হাট দেখার ছলনায় প্রায়ই শূন্যরেখার অভ্যন্তরে বাংলাদেশি যুবক-যুবতীরা টিকটক ভিডিও বানাতে আসা-যাওয়া করে বলে জানা যায়। সীমান্তে প্রশাসনের আরও নজরদারি বাড়ানো দরকার বলে মনে করেন স্থানীয় সচেতন মহল।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজনীন সুলতানা জানান, খবর পেয়ে পুলিশ সদস্যরা বিষয়টির খোঁজখবর নিচ্ছে। ওই যুবকদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
এ বিষয়ে জানতে চাইলে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সামিউল ইসলাম বলেন, বিষয়টি দেখার পর বিজিবির সঙ্গে কথা হয়েছে। তারা জানিয়েছে, ঘটনাটি দুই দিন আগের। সেদিন লোকবল কম থাকায় ওই যুবকরা সেখানে প্রবেশ করে যায়। পরবর্তীতে যেন এ ধরনের উসকানিমূলক কোনো কর্মকাণ্ডের পুনরাবৃত্তি না ঘটে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে বিজিবিকে বলা হয়েছে।
মন্তব্য করুন
