

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মানিকগঞ্জের সিংগাইরে যৌথ বাহিনীর অভিযানে দুইটি আইইডি (বোমা) এবং ১১টি ককটেল সদৃশ বস্তুসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
পরে সেনাবাহিনীর বোম ডিসপোজাল বিশেষজ্ঞ দল ঘটনাস্থলেই আইইডি ও ককটেলগুলো সফলভাবে নিষ্ক্রিয় করে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার(২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ১৫ মিনিট থেকে সকাল ৭টা ৩০ মিনিট পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।
অভিযানটি পরিচালিত হয় মানিকগঞ্জ জেলার সিংগাইর থানাধীন ধল্লা ফোর্ড নগর খানপাড়া এক্সটিম সার্ভিস লিমিটেডের প্রায় ৩০০ গজ উত্তরে ফোর্ড নগর থেকে ধল্লা বাজারগামী ইটের সলিং রাস্তার পশ্চিম পাশের ঢালসংলগ্ন জঙ্গলের ভেতরে।
অভিযানে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়, দুইটি কালো কসটেপ মোড়ানো আইইডি (দুই পাশে ব্যাটারি সংযুক্ত), লাল কসটেপে মোড়ানো ১১টি ককটেল সদৃশ বস্তু, ১৪ ইঞ্চি দৈর্ঘ্যের দুইটি লোহার চাপাতি, প্রায় ৩১ ইঞ্চি লম্বা কাঠের বাটযুক্ত একটি ছুরি, প্রায় ৫ ফুট লম্বা একটি সাইকেলের চেইন, প্রায় ৬ ফুট লম্বা একটি মোটরসাইকেলের চেইন।
উদ্ধারকৃত আলামত উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা প্রস্তুত করে জব্দ করা হয় এবং সাক্ষীদের স্বাক্ষর গ্রহণ করা হয়।
উদ্ধারকৃত আইইডি ও ককটেলগুলো পরিবহনে ঝুঁকিপূর্ণ হওয়ায় তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ঢাকার সাভার সেনানিবাস থেকে ৮ ইঞ্জিনিয়ারিং কোরের বোম ডিসপোজাল বিশেষজ্ঞ দল আনা হয়। সকাল ৭টা ৩০ মিনিটে ঘটনাস্থলের পাশের ফাঁকা জায়গায় আলামতগুলো সফলভাবে ধ্বংস করা হয়। এতে এলাকায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা জনআতঙ্ক সৃষ্টি হয়নি।
এ ঘটনায় কোনো হতাহত বা আহতের ঘটনা ঘটেনি। অবশিষ্ট আলামত সিংগাইর থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
এ ঘটনায় মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন
