রবিবার
২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

চুরির অপবাদে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে হত্যা  

যশোর প্রতিনিধি
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০২ পিএম
আসামি মো. ইসমাইল
expand
আসামি মো. ইসমাইল

যশোরে চুরির অপবাদে মানসিক ভারসাম্যহীন যুবক মো. মিনারুল কবির শামীম (২৮) কে পিটিয়ে হত্যার ঘটনায় অন্যতম আসামি মো. ইসমাইল (২৫) কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬ যশোর।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের শংকরপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার ইসমাইল যশোর সদর উপজেলার শ্রীকান্তনগর গ্রামের সাইফুল ইসলামের ছেলে।

র‌্যাব জানায়, গত ১৬ জানুয়ারি সদর উপজেলার বলাডাঙ্গা গ্রামের গোবিন্দ মোড় এলাকায় একটি দোকানের সামনে মাচার ওপর শুয়ে ছিলেন মানসিক ভারসাম্যহীন শামীম। ওই রাতে দোকানে চুরির ঘটনা ঘটলে দোকানদার ও তার সহযোগীরা শামীমকে চুরির সন্দেহে আটক করে বেদম মারধর করেন। মারধরের ফলে তিনি গুরুতর আহত হন। পরে ভোর ৪টার দিকে তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবার জানায়, হাসপাতালে গিয়ে শামীমের মাথা, কপালসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখতে পাওয়া যায়। পরে পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।

ঘটনার পর নিহতের বাবা বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তে আসামিদের বিরুদ্ধে চুরির সন্দেহে মারধরের মাধ্যমে হত্যার অভিযোগের পক্ষে সাক্ষ্যপ্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন তদন্ত সংশ্লিষ্টরা। ঘটনার পর থেকেই ইসমাইল পলাতক ছিলেন।

শনিবার র‌্যাবের অভিযানে আটক হওয়ার পর তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং অন্য জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X