

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিশ্বসংগীত দিবস ২০২৬ উপলক্ষে রাজধানীর বনানীতে বসেছিল এক অনন্য সুরের আসর। আর্টিস্ট ক্লাব লিমিটেডের লাউঞ্জে ঢাকা ইউনিভার্সিটি কালচারাল ফাউন্ডেশন (DUCF)-এর পরিবেশনায় অনুষ্ঠিত হয় বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যা 'সন্ধ্যা প্রদীপ'।
কূটনীতিক, শিল্পী, সংস্কৃতিজন ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে এই 'মিউজিক্যাল মেহফিল' রূপ নেয় এক প্রাণবন্ত উৎসবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মহামান্য জঁ-মার্ক সের-শারলে (H. E. Mr. Jean-Marc Séré-Charlet)। সংগীতের বৈশ্বিক শক্তির কথা উল্লেখ করে তিনি বলেন:
"সংগীত এমন একটি সর্বজনীন ভাষা, যা সংস্কৃতি, জাতি ও ভৌগোলিক সীমারেখা অতিক্রম করে মানুষকে একত্রিত করে। বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার সাংস্কৃতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।"
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন আর্টিস্ট ক্লাব লিমিটেডের সভাপতি সুজিত মুস্তাফা। তিনি শিল্প-সংস্কৃতির বিকাশে ক্লাবের অঙ্গীকার ব্যাখ্যা বলেন, বিশ্বসংগীত দিবসে DUCF-এর মতো ঐতিহ্যবাহী সংগঠনকে সঙ্গে পেয়ে তারা আনন্দিত এবং ভবিষ্যতে এমন আন্তর্জাতিক মানের আয়োজন আরও করা হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক জনাব মারুফ কবির এবং DUCF-এর প্রতিষ্ঠাতা ও আর্টিস্ট ক্লাবের নির্বাহী সদস্য অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান।
পুরো অনুষ্ঠানটি কেবল শিল্পীদের পরিবেশনাতেই সীমাবদ্ধ ছিল না, বরং দর্শক-শ্রোতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এটি হয়ে উঠেছিল একটি ইন্টারএকটিভ মেহফিল।
প্রথাগত নিয়মের বাইরে গিয়ে একটি চমৎকার পুথি পাঠের মাধ্যমে DUCF-কে দর্শকদের সামনে উপস্থাপন করা হয়। কাজী নজরুল ইসলামের বিখ্যাত গান "মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম" দিয়ে মূল সংগীত পর্ব শুরু হয়।
এরপর মঞ্চে পর্যায়ক্রমে জনপ্রিয় আধুনিক গান পরিবেশন করেন নির্ঝর চৌধুরী, ইরবতি মন্ডল, আনিকা শারমিলা কৃপা ও ফরহাদ মিল্টন। জাতীয় কবির গান নিয়ে মঞ্চে আসেন নন্দিত শিল্পী নন্দিনী দত্ত ধরা। আর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গান পরিবেশন করেন নাঈমা ইসলাম নাজ।
মাটির টানে দর্শকদের ভাসিয়ে নিয়ে যেতে পল্লীগীতি ও উকিল মুন্সীর গান পরিবেশন করেন মাহফুজার রহমান মহব্বত। দর্শক-শিল্পীদের মেলবন্ধনে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে রবীন্দ্রনাথের "আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে" সমবেত সংগীতের মাধ্যমে।
চমৎকার এই পরিবেশনার জন্য DUCF-কে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন সভাপতি সুজিত মুস্তফা।
