

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কট্টর ডানপন্থি উপদেষ্টা ড্যারেন বিটির ভিসা বাতিল করেছে ব্রাজিল সরকার। দেশটির সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর সঙ্গে দেখা করার পরিকল্পনা ছিল তাঁর।
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা শুক্রবার (১৩ মার্চ) নিশ্চিত করেন যে বিটির ভিসা প্রত্যাহার করা হয়েছে। তিনি জানান, ওয়াশিংটনে ব্রাজিলীয় কর্মকর্তাদের ভিসা বাতিলের মার্কিন সিদ্ধান্তের পাল্টা পদক্ষেপ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যাঁদের ভিসা বাতিল করা হয়েছে তাঁদের মধ্যে ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী আলেকজান্দ্রে পাদিলহাও রয়েছেন। তাঁর মার্কিন ভিসা গত বছর বাতিল করা হয়েছিল।
রিও ডি জেনিরোতে এক অনুষ্ঠানে লুলা বলেন, যে মার্কিন ব্যক্তি বলসোনারোর সঙ্গে দেখা করতে ব্রাজিলে আসতে চেয়েছিলেন, তাকে নিষিদ্ধ করা হয়েছে। তিনি বলেন, “যতক্ষণ না তারা আমার স্বাস্থ্যমন্ত্রীর ভিসা দিচ্ছে, ততক্ষণ আমি তাকে ব্রাজিলে আসার অনুমতি দেব না।”
অন্যদিকে ব্রাজিলীয় কর্মকর্তারা বার্তা সংস্থা এএফপিসহ বিভিন্ন গণমাধ্যমকে জানান, বিটি তাঁর ভিসার আবেদনে সফরের উদ্দেশ্য সম্পর্কে ভুল তথ্য দিয়েছিলেন।
উল্লেখ্য, বলসোনারো ট্রাম্পের ঘনিষ্ঠ ডানপন্থি মিত্র হিসেবে পরিচিত। ২০২২ সালের নির্বাচনের পর অভ্যুত্থান চেষ্টার অভিযোগে বর্তমানে তিনি ২৭ বছরের কারাদণ্ড ভোগ করছেন।
বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত ব্রাজিল ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান কূটনৈতিক উত্তেজনারই বহিঃপ্রকাশ। যদিও সাম্প্রতিক সময়ে ট্রাম্প ও লুলার মধ্যে সম্পর্ক কিছুটা উন্নতির ইঙ্গিত দেখা গিয়েছিল।
এর আগে গত আগস্টে বলসোনারোর বিচার প্রক্রিয়ার প্রতিবাদ জানিয়ে ব্রাজিলের ওপর কঠোর শুল্ক আরোপ করেন ট্রাম্প। পাশাপাশি তিনি বলসোনারোর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানান এবং ব্রাজিল সরকারের বিরুদ্ধে ডানপন্থি কণ্ঠস্বর দমনের অভিযোগ তোলেন।
মন্তব্য করুন