শুক্রবার
২০ ফেব্রুয়ারি ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ ফেব্রুয়ারি ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

এক বছরে ৬ টি মুসলিম প্রধান দেশে হামলা চালিয়েছে ট্রাম্প

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ০৪:৪৮ পিএম
সংগৃহীত ছবি
expand
সংগৃহীত ছবি

ডোনাল্ড ট্রাম্প নিজেকে ‘শান্তির প্রেসিডেন্ট’ হিসেবে তুলে ধরলেও ২০২৫ সালে তার প্রশাসনের সামরিক কর্মকাণ্ড ভিন্ন চিত্রই সামনে আনছে। অরাজনৈতিক সংঘাত পর্যবেক্ষণ সংস্থা আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডাটা (এসিএলইডি)-এর তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ২০ জানুয়ারি ক্ষমতা গ্রহণের পর থেকে ট্রাম্প প্রশাসন সরাসরি বা মিত্রদের সঙ্গে যৌথভাবে বিশ্বের অন্তত সাতটি দেশে ৬২২ বার বোমা হামলা চালিয়েছে। সর্বশেষ শুক্রবার রাত থেকে ভেনেজুয়েলার ভূখণ্ডে সরাসরি মার্কিন হামলা শুরু হয়েছে।

যেসব দেশে সামরিক অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র

সিরিয়া: গত ডিসেম্বরে সিরিয়ায় আইএসের তথাকথিত ৭০টি অবস্থান লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। পালমিরায় মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনার প্রতিশোধ হিসেবে এই অভিযান পরিচালিত হয়। ট্রাম্প একে ‘ভয়াবহ প্রতিশোধ’ বলে উল্লেখ করেন।

ইরান: ২২ জুন ইরানের নাতাঞ্জ, ইসফাহান ও ফোরদো—এই তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালানো হয়। ট্রাম্পের দাবি, এতে ইরানের পারমাণবিক সক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জবাবে ইরান কাতারে একটি মার্কিন ঘাঁটিতে হামলা চালালেও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

ইরাক: মার্চে ইরাকের আল-আনবার প্রদেশে আইএসের শীর্ষ নেতা আবদাল্লাহ আবু খাদিজাকে লক্ষ্য করে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। ট্রাম্প এ অভিযানকে ‘শক্তির মাধ্যমে শান্তি’ নীতির বাস্তব উদাহরণ হিসেবে ব্যাখ্যা করেন।

ইয়েমেন: ২০২৫ সালের মার্চ থেকে মে পর্যন্ত ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে ধারাবাহিক বিমান ও নৌ হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে বন্দর, বিমানবন্দর ও বিভিন্ন সামরিক স্থাপনা ব্যাপক ক্ষতির মুখে পড়ে। ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, এসব হামলায় শতাধিক বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছেন।

নাইজেরিয়া: ২৫ ডিসেম্বর উত্তর-পশ্চিম নাইজেরিয়ায় আইএস-সম্পৃক্ত গোষ্ঠীর বিরুদ্ধে প্রথমবারের মতো সরাসরি সামরিক অভিযান চালায় যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের ভাষ্য অনুযায়ী, এতে একাধিক সন্ত্রাসী নিহত হয়েছে। নাইজেরিয়া সরকার অভিযানকে সফল বললেও হতাহতের নির্দিষ্ট সংখ্যা প্রকাশ করেনি।

সোমালিয়া: ২০২৫ সালে সোমালিয়ায় যুক্তরাষ্ট্রের বিমান হামলার সংখ্যা অতীতের সব প্রশাসনের রেকর্ড ছাড়িয়েছে। বিভিন্ন পর্যবেক্ষক সংস্থার হিসাবে, বছরে অন্তত ১১১ বার হামলা চালানো হয়েছে। অনুসন্ধানী প্রতিবেদনে এসব অভিযানে বেসামরিক মানুষ, এমনকি শিশুও নিহত হওয়ার তথ্য উঠে এসেছে।

ভেনেজুয়েলা ও ক্যারিবীয় অঞ্চল

২০২৫ সালের সেপ্টেম্বর থেকে ক্যারিবীয় সাগরে ভেনেজুয়েলাগামী নৌযানে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি, এসব নৌযান মাদক পাচারের সঙ্গে জড়িত। তবে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, এসব হামলায় অন্তত ৯৫ জন নিহত হয়েছেন। ভেনেজুয়েলা এ ঘটনাকে ‘সরকার পরিবর্তনের ষড়যন্ত্র’ বলে অভিহিত করেছে।

মুসলিমপ্রধান দেশগুলোর ওপর হামলার অভিযোগ

পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে যুক্তরাষ্ট্র যে সাতটি দেশে হামলা চালিয়েছে, তার মধ্যে ছয়টিই মুসলিমপ্রধান দেশ। ব্যতিক্রম কেবল ভেনেজুয়েলা, যেখানে সংখ্যাগরিষ্ঠ মানুষ খ্রিস্টান। শুক্রবার রাত থেকে তেলসমৃদ্ধ দেশটিতেও সরাসরি মার্কিন হামলা শুরু হয়েছে।

প্রতিশ্রুতি ও বাস্তবতার ফারাক

নির্বাচনী প্রচারে যুক্তরাষ্ট্রকে বিদেশি যুদ্ধ থেকে দূরে রাখার প্রতিশ্রুতি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, ২০২৫ সালে একের পর এক দেশে সামরিক অভিযান সেই অঙ্গীকারের সঙ্গে স্পষ্ট সাংঘর্ষিক। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের আশঙ্কা, এই সামরিক সক্রিয়তা ২০২৬ সালে বৈশ্বিক রাজনীতিতে নতুন সংকটের জন্ম দিতে পারে।

সূত্র: আল-জাজিরা

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X