

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি নিরাপত্তা চৌকিতে আত্মঘাতী হামলায় ১৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১২ জন সেনাসদস্য রয়েছেন। হামলার পর নিরাপত্তা বাহিনীর অভিযানে ১২ হামলাকারীও নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী।
শুক্রবার (২৪ জুলাই) পাকিস্তান সেনাবাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানায়। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তান সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশের টাংক জেলায় বৃহস্পতিবার রাতে এ হামলার ঘটনা ঘটে।
সেনাবাহিনীর বিবৃতি অনুযায়ী, হামলাকারীরা প্রথমে নিরাপত্তা চৌকির প্রতিরক্ষা দেয়াল ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করে। এতে ব্যর্থ হওয়ার পর বিস্ফোরকভর্তি একটি গাড়ি চৌকির বাইরের অংশে আঘাত করানো হয়। পরে শক্তিশালী বিস্ফোরণে নিরাপত্তা সদস্যসহ ১৫ জন নিহত হন।
হামলার পরপরই নিরাপত্তা বাহিনী অভিযান শুরু করে। অভিযানে ১২ সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।
নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এই হামলার দায় স্বীকার করেছে। সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, চারজন আত্মঘাতী হামলাকারী এ অভিযানে অংশ নেয়।
২০০৭ সাল থেকে পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে সশস্ত্র কর্মকাণ্ড চালিয়ে আসছে টিটিপি। পাকিস্তান সরকারের অভিযোগ, আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় আশ্রয় নিয়ে সংগঠনটির সদস্যরা হামলার পরিকল্পনা ও প্রশিক্ষণ পরিচালনা করে থাকে।
তবে আফগানিস্তানের তালেবান সরকার পাকিস্তানের এই অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে। তাদের দাবি, সীমান্ত এলাকায় সন্ত্রাসী কার্যক্রম মূলত পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত।