রবিবার
০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নারী-শিশুসহ নিহত ৫

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬, ১০:১৭ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া (কেপি) প্রদেশের বান্নু জেলায় আত্মঘাতী বোমা হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন।

শুক্রবার (৩ এপ্রিল) দোমাইল পুলিশ স্টেশনের বাইরে জড়ো হওয়া বেসামরিক লোকজনকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

নিরাপত্তা সূত্রের দাবি, হামলাটি চালিয়েছে ‘ফিতনা আল-খাওয়ারিজ’ নামের সন্ত্রাসী গোষ্ঠী। নিহতদের মধ্যে তিনজন নারী এবং একজন শিশু রয়েছেন। আহত চারজনকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাকিস্তানের নিরাপত্তা বাহিনী হামলার আগে ধারাবাহিক সন্ত্রাসবিরোধী অভিযান চালাচ্ছে। পাক সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর জানায়, গত দুইদিনে প্রদেশটিতে ২২ জন সন্ত্রাসী নিহত হয়েছেন। ১ এপ্রিল খাইবার জেলার বারা এলাকা ও বান্নুতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৩ জন ‘ভারত-সমর্থিত’ সন্ত্রাসী নিহত হয়। পরের দিন উত্তর ওয়াজিরিস্তান জেলায় সীমান্তবর্তী এলাকায় আরও ৮ জন সন্ত্রাসী নিহত হয়।

আইএসপিআর জানিয়েছে, ২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর থেকে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে গেছে। এই পরিস্থিতি মোকাবেলায় ‘অপারেশন গজব লিল-হক’ নামে নতুন ধারাবাহিক অভিযান শুরু করা হয়েছে। অভিযানে এ পর্যন্ত ৬৮৪ জন আফগান তালেবান ও আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীর সদস্য নিহত এবং ৯০০-এর বেশি আহত হয়েছে।

সূত্র: জিও নিউজ

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন