

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইসরায়েলের দিকে একযোগে বিপুলসংখ্যক রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান ও লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।
ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সঙ্গে সমন্বয় করে এই আক্রমণ চালানো হয় বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে।
আল-জাজিরা ও ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, বুধবার (১১ মার্চ) ইরান ও হিজবুল্লাহর পক্ষ থেকে অন্তত ১০০টি রকেট ও ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে ছোড়া হয়েছে।
লেবানন থেকে আল-জাজিরার একজন প্রতিবেদক জানান, খুব অল্প সময়ের ব্যবধানে উত্তর ইসরায়েল লক্ষ্য করে অন্তত তিন দফায় বড় ধরনের রকেট হামলা চালায় হিজবুল্লাহ। কয়েক মিনিটের মধ্যেই একের পর এক বিস্ফোরণের খবর পাওয়া যায়।
এই হামলা এমন সময় চালানো হয় যখন ইরানও ইসরায়েলি ভূখণ্ডের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছিল। ফলে দুই দিক থেকে সমন্বিত এই আক্রমণে ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ইসরায়েলি গণমাধ্যমের দাবি, ইরান ও হিজবুল্লাহর যৌথ এই হামলায় মোট অন্তত ১০০টি রকেট ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।
হামলার পর উত্তর ইসরায়েলের কিরিয়াত শমোনা ও হাইফা শহরে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
একই সঙ্গে এসব এলাকায় সতর্কতামূলক সাইরেন বাজতে থাকে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়।
পরিস্থিতির প্রেক্ষাপটে ইসরায়েলি সেনাবাহিনী বাসিন্দাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। সীমান্তবর্তী বেশ কয়েকটি শহরের বাসিন্দাদের বাঙ্কারে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার মধ্যে এ ধরনের বড় আকারের রকেট হামলা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।
মন্তব্য করুন
