মঙ্গলবার
২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের দিকে তাক করা চীনের ১১টি স্টেলথ যুদ্ধবিমান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ০৮:০৩ এএম
সংগৃহীত
expand
সংগৃহীত

ভারতের সীমান্তসংলগ্ন দুটি গুরুত্বপূর্ণ বিমানঘাঁটিতে অন্তত ১১টি জে-২০ ‘মাইটি ড্রাগন’ স্টেলথ যুদ্ধবিমান মোতায়েন করেছে চীন।

যুক্তরাষ্ট্রভিত্তিক স্পেস ইন্টেলিজেন্স প্রতিষ্ঠান ভ্যান্টর-এর স্যাটেলাইট চিত্রে এমন তথ্য উঠে এসেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের জুনের শেষ দিকে এবং জুলাইয়ের শুরুতে ধারণ করা স্যাটেলাইট ছবিতে ভারতের সীমান্তমুখী দুটি চীনা বিমানঘাঁটিতে এসব যুদ্ধবিমান অবস্থান করতে দেখা যায়।

প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ৯ জুলাই তোলা এক ছবিতে চীনের জিনজিয়াং উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চলের হোতান বিমানঘাঁটির রানওয়ের পাশে সাতটি জে-২০ যুদ্ধবিমান দেখা গেছে।

দ্বৈত ব্যবহারযোগ্য (বেসামরিক ও সামরিক) এই ঘাঁটিটি লাদাখের লেহ শহর থেকে প্রায় ৩৮৯ কিলোমিটার উত্তর-পূর্বে এবং ভারতের দৌলত বেগ ওল্ডি বিমানঘাঁটি থেকে প্রায় ২৪৫ কিলোমিটার দূরে অবস্থিত।

অন্য একটি স্যাটেলাইট ছবিতে তিব্বতের ডামশুং বিমানঘাঁটিতে আরও চারটি জে-২০ যুদ্ধবিমান শনাক্ত করা হয়েছে। ঘাঁটিটি অরুণাচল প্রদেশের তাওয়াং সীমান্ত থেকে প্রায় ৩৪৪ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত।

বিশ্লেষকদের মতে, গত এক দশকে ভারতের সীমান্তসংলগ্ন চীনা বিমানঘাঁটিগুলোতে জে-২০ যুদ্ধবিমানের উপস্থিতি ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে। ২০১৬ সালে প্রথমবার তিব্বতের দাওচেং ইয়াডিং এলাকায় এ ধরনের যুদ্ধবিমান দেখা যায়। পরে ২০২৪ সালে শিগাতসে বিমানঘাঁটিতেও জে-২০ মোতায়েনের খবর প্রকাশিত হয়।

এদিকে ভারতের নিজস্ব প্রথম স্টেলথ যুদ্ধবিমান প্রকল্প অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট (এএমসিএ) এখনও উন্নয়ন পর্যায়ে রয়েছে। প্রয়োজনীয় প্রযুক্তিগত পরীক্ষা সফল হলেও এটি ভারতীয় বিমানবাহিনীর স্কোয়াড্রনে যুক্ত হতে আরও প্রায় এক দশক সময় লাগতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সামরিক বিশ্লেষকদের ধারণা, ২০২৬ সালের মাঝামাঝি সময়ে চীনের বিমানবাহিনীর বিভিন্ন ইউনিটে ৩০০ থেকে ৫০০টি জে-২০ যুদ্ধবিমান যুক্ত হয়েছে। যুক্তরাজ্যভিত্তিক রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউট-এর পূর্বাভাস অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে চীনের জে-২০ বহরের সংখ্যা এক হাজারে পৌঁছাতে পারে।

ভারতের বিমানবাহিনীর সাবেক উপপ্রধান এয়ার মার্শাল (অব.) নর্মদেশ্বর তিওয়ারি বলেন, প্রতিবছর বিপুলসংখ্যক যুদ্ধবিমান উৎপাদনের সক্ষমতা চীনের উন্নত শিল্পব্যবস্থা ও সমন্বিত সরবরাহ শৃঙ্খলের প্রতিফলন। তার মতে, যুদ্ধবিমান উৎপাদনে চীনের গতি বর্তমানে বিশ্বের অন্যতম দ্রুত।

তবে এ বিষয়ে ভারতীয় বিমানবাহিনীর আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। ভারতের পক্ষ থেকে পাঠানো প্রশ্নেরও তাৎক্ষণিক কোনো জবাব মেলেনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন