

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নেপালে ভয়াবহ বন্যায় দুই শতাধিক শিক্ষার্থীর খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়। বন্যার পানিতে প্রায় ২০ জন শিক্ষার্থী ভেসে গেছে বলেও মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যে উল্লেখ করা হয়েছে।
বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তিন জেলায় অন্তত ১৯টি শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতির মুখে পড়েছে। এর মধ্যে নয়টি স্কুল পুরোপুরি ধ্বংস হয়েছে। আরও সাতটি স্কুল আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব প্রতিষ্ঠানের কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থীরও নিখোঁজ হওয়ার তথ্য পাওয়া গেছে।
শিক্ষা ও ক্রীড়া মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত স্কুলগুলোর বেশির ভাগই রাসুয়া ও নুওয়াকোট জেলায়। বন্যা ও ভূমিধসের কারণে এসব এলাকার শিক্ষা কার্যক্রমও ব্যাপকভাবে ব্যাহত হয়েছে।
রাসুয়া ও নুওয়াকোট জেলার ক্ষতিগ্রস্ত কয়েকটি স্কুলে মোট ২ হাজার ৪২৫ জন শিক্ষার্থী পড়াশোনা করত। বন্যার পানিতে কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠান ডুবে গেছে, আবার কিছু স্কুল মাটি ও ধ্বংসাবশেষের নিচে চাপা পড়েছে।
পরিস্থিতি কতটা ভয়াবহ, তার একটি উদাহরণ পাওয়া গেছে একটি স্কুলের দেওয়া তথ্যে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, বন্যার তীব্র স্রোতে শিক্ষার্থীদের বহনকারী একটি বাস ভেসে গেছে। বাসটিতে থাকা এক শিক্ষার্থীরও এখন পর্যন্ত সন্ধান পাওয়া যায়নি।
বন্যার পর ক্ষতিগ্রস্ত এলাকায় নিখোঁজ শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের উদ্ধারে তৎপরতা চলছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পরিস্থিতি পর্যালোচনা করে শিক্ষা কার্যক্রম পুনরায় চালুর বিষয়েও কাজ করছে কর্তৃপক্ষ।


