

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ভারতের কর্নাটক রাজ্যের চিক্কাবল্লাপুর জেলার একটি আদালতে বিচারকের রায় নিজের পক্ষে আনতে কথিত কালো জাদুর আচার পালনের অভিযোগে ৬৫ বছর বয়সী এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, অভিযুক্ত নারী আদালতের এজলাসে প্রবেশ করে বিচারকের আসনে সাদা সরিষা ছিটিয়ে একটি তান্ত্রিক আচার পালন করেন। আদালতের সিসিটিভি ফুটেজে ঘটনাটি ধরা পড়লে আদালতজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া নারীর নাম মঞ্জুলা। তিনি চিক্কাবল্লাপুর শহরের প্রথম অতিরিক্ত সিনিয়র সিভিল জজ ও প্রথম শ্রেণির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রবেশ করে বিচারকের আসনে কথিত ‘মন্ত্রপূত সাদা সরিষা’ ছিটিয়ে দেন।
দুই দিন আগের সিসিটিভি ফুটেজ পর্যালোচনার সময় নিরাপত্তাকর্মীদের নজরে আসে ঘটনাটি। এরপর আদালতের প্রধান প্রশাসনিক কর্মকর্তা থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ মামলা করে মঞ্জুলাকে গ্রেপ্তার করে।
পুলিশ জানিয়েছে, কর্নাটকের অমানবিক কুপ্রথা ও কালো জাদু প্রতিরোধ ও নির্মূল আইন, ২০১৭-এর অধীনে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।
আটকের পর মঞ্জুলাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে ১৪ দিনের বিচারিক হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।
তবে তিনি যে নিজের মামলার রায় প্রভাবিত করার উদ্দেশ্যে এই আচার পালন করেছিলেন, সে বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। ঘটনার পেছনে অন্য কোনো উদ্দেশ্য বা ষড়যন্ত্র ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
