শুক্রবার
০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানে আকাশযান থেকে বিস্ফোরক নিক্ষেপ, হতাহত ১১

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ১১:৩৬ পিএম আপডেট : ০২ জুলাই ২০২৬, ১১:৩৯ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি কোয়াডকপ্টার ড্রোন থেকে বিস্ফোরক নিক্ষেপের ঘটনায় দুই শিশুসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন আরও আটজন। বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছে দেশটির পুলিশ।

তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার গভীর রাতে আফগানিস্তান সীমান্তঘেঁষা বাজাউর জেলার ওয়ার মামুন্দ তহসিলের দামা দোলা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, হামলার সঙ্গে কারা জড়িত তা জানতে তদন্ত চলছে। ঘটনাস্থল থেকে ফরেনসিক আলামত সংগ্রহ করা হচ্ছে। তবে এখন পর্যন্ত হামলাকারীদের পরিচয় কিংবা ব্যবহৃত ড্রোনটির উৎস সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

সাম্প্রতিক মাসগুলোতে বাজাউর জেলায় ধারাবাহিকভাবে সন্দেহভাজন ড্রোন হামলার ঘটনা ঘটছে। সর্বশেষ এ হামলায় স্থানীয়দের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। গত রোববার একই জেলায় আরেকটি সন্দেহভাজন ড্রোন হামলায় এক শিশু নিহত এবং এক নারী আহত হন। এর আগে মে মাসে বাজাউরের একটি পাহাড়ি এলাকায় কোয়াডকপ্টার ড্রোনের হামলায় প্রাণ হারায় দুই স্কুলশিক্ষার্থী।

পাকিস্তান ও প্রতিবেশী আফগানিস্তানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধির মধ্যেই ঘটল নতুন এই হামলা। এর আগে বুধবার পাকিস্তানের সামরিক বাহিনী দাবি করে, তারা আফগানিস্তান থেকে উৎক্ষেপণ করা চারটি সাধারণ ধরনের ড্রোন ভূপাতিত করেছে। অন্যদিকে কাবুল দাবি করেছে, তারা পাকিস্তানের ভেতরে কথিত আইএসের আস্তানায় বিমান হামলা চালিয়েছে।

ইসলামাবাদ দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, আফগানিস্তান তাদের ভূখণ্ড সন্ত্রাসী গোষ্ঠীগুলোর ব্যবহারের সুযোগ দিচ্ছে। তবে কাবুল এ অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Spain VS Austria
31'
0 - 0
World Cup