সোমবার
০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দাড়ি ‘বেশি ছোট’ করলেই শাস্তি, বিপাকে আফগান নাপিতরা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৫ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

আফগানিস্তানে তালেবান শাসন কর্তৃপক্ষ নাপিতদের বিরুদ্ধে নতুন করে আইন লঙ্ঘনের অভিযোগ এনেছে। অভিযোগ রয়েছে, অনেক নাপিত গ্রাহকদের দাড়ি অতিরিক্ত ছোট করে ছাঁটছেন, যা তাদের নির্ধারিত বিধিমালার পরিপন্থী।

গত মাসে তালেবান সরকারের নীতিনৈতিকতা বিষয়ক মন্ত্রণালয় ঘোষণা দেয়, এখন থেকে পুরুষদের দাড়ি অন্তত হাতের মুঠোর সমান লম্বা রাখা বাধ্যতামূলক। আগের নির্দেশনার তুলনায় এ বিধান আরও কঠোর করা হয়েছে বলে জানানো হয়। মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী খালিদ হানাফি বলেন, শরিয়াহ অনুযায়ী পোশাক ও দাড়ির নিয়ম মানা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। এ লক্ষ্যে বিভিন্ন শহরে তদারকি জোরদার করতে কর্মকর্তাদের টহল বাড়ানো হয়েছে।

কঠোর এ নীতি বাস্তবায়নের ফলে নাপিত ও গ্রাহক উভয়েই সমস্যার মুখে পড়ছেন। দক্ষিণ-পূর্বাঞ্চলের গজনী এলাকার এক নাপিত জানান, তার এক কর্মী একজন গ্রাহকের চুল ‘পাশ্চাত্য ধাঁচে’ কাটার অভিযোগে তাকে তিন রাত আটক রাখা হয়। প্রথমে তাকে ঠাণ্ডা একটি কক্ষে রাখা হয় এবং পরে একটি শিপিং কন্টেইনারে স্থানান্তর করা হয়। পরে কোনো আনুষ্ঠানিক অভিযোগ ছাড়াই তাকে মুক্তি দেওয়া হয়। টহলকর্মীদের উপস্থিতি টের পেলেই অনেক নাপিত দোকান বন্ধ করে লুকিয়ে থাকছেন বলেও জানা গেছে।

এদিকে জাতিসংঘ–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, মন্ত্রণালয়ের বিধি অমান্যের অভিযোগে গত বছর কুনার প্রদেশে তিন নাপিতকে তিন থেকে পাঁচ মাস পর্যন্ত কারাদণ্ড দেওয়া হয়েছিল।

নৈতিকতা মন্ত্রণালয়ের পাশাপাশি তালেবান ধর্ম মন্ত্রণালয়ও কঠোর নির্দেশনা দিয়েছে। ২০২২ সালের নভেম্বরে মসজিদের ইমামদের কাছে পাঠানো আট পৃষ্ঠার নির্দেশনায় দাড়ি কেটে ফেলা ‘বড় ধরনের অপরাধ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং নামাজের খুতবার সময় এ বিষয় তুলে ধরার নির্দেশ দেওয়া হয়েছে। ধর্মমন্ত্রী যুক্তি দিয়েছেন, দাড়ি না রাখলে পুরুষরা ‘নারীদের মতো’ দেখাতে চায়। বিশ্ববিদ্যালয়গুলোতেও এ নির্দেশনা পাঠানো হয়েছে।

কাবুল বিশ্ববিদ্যালয়ের এক ২২ বছর বয়সি শিক্ষার্থী বলেন, ‘বেশভূষা ইসলামিক না হলে আমাদের পরীক্ষার নম্বর কমিয়ে দেওয়া হতে পারে।’ রাজধানী কাবুলে ২৫ বছর বয়সি এক নাপিতও মন্তব্য করেছেন, দাড়ি ও চুলের দৈর্ঘ্য ব্যক্তিগত বিষয় হওয়া উচিত, তবে এখন তা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে।

মন্ত্রী খালিদ হানাফি এ যুক্তি উড়িয়ে বলেন, ‘শরিয়াহ আইন অনুযায়ী দাড়ি রাখা বাধ্যতামূলক; ব্যক্তিগত পছন্দ-অপছন্দ কোনো প্রাসঙ্গিকতা রাখে না।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন