সোমবার
২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদের দিনসহ পাঁচদিন কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ মে ২০২৬, ০৪:০৮ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আসন্ন পবিত্র ঈদুল আজহার দিন (২৮ মে)সহ আগামী পাঁচদিন দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে।

এর মধ্যে কয়েকটি বিভাগে ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে। ফলে বুধবার থেকে সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

সোমবার আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের দেওয়া পূর্বাভাসে বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। পাশাপাশি ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকা এবং খুলনা ও বরিশালের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি দেখা দিতে পারে। একই সঙ্গে উত্তরাঞ্চলের কয়েকটি বিভাগে মাঝারি থেকে ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে।

এদিকে ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ ও পটুয়াখালীসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আপাতত অব্যাহত থাকতে পারে। তবে তাপমাত্রা খুব বেশি পরিবর্তন না হলেও ধীরে ধীরে কমার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অফিস।

মঙ্গলবারের পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টির প্রবণতা বেশি থাকবে। অন্যদিকে রাজশাহী, ঢাকা ও চট্টগ্রামের কিছু এলাকায় এবং খুলনা ও বরিশালের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিন দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বুধবার থেকে বৃষ্টিপাত আরও বাড়তে পারে। এদিন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং দেশের অন্যান্য বিভাগের কিছু অংশে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

ঈদের দিন বৃহস্পতিবারও একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে। এতে দিনের তাপমাত্রা কিছুটা কমলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ঈদের পরদিন শুক্রবারও বৃষ্টিপাতের এই ধারা অব্যাহত থাকতে পারে। বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক এলাকায় বৃষ্টি হতে পারে, আর অন্যান্য বিভাগেও বিচ্ছিন্নভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী পাঁচদিনের পরেও দেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে, যা গরমের তীব্রতা কিছুটা কমাতে সহায়ক হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন