বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

লামিন ইয়ামালের যে রেকর্ড ফুটবল বিশ্বে আর কারো নেই

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ পিএম
লামিন ইয়ামাল। ছবি: সংগৃহীত
expand

ফুটবল বিশ্বে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন লামিন ইয়ামাল। এবার ব্যালন ডি’অরের ইতিহাসেও নিজের নাম লিখিয়েছেন বার্সেলোনার এই তরুণ ফরোয়ার্ড। ২০ বছর বয়সে পা রাখার আগেই তিনবার ব্যালন ডি’অরের মনোনয়ন পাওয়া ইতিহাসের প্রথম খেলোয়াড় হয়েছেন তিনি।

গত ৮ সেপ্টেম্বর, ২০২৬ ব্যালন ডি’অরের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়। সেখানে জায়গা করে নিয়ে টানা তৃতীয়বারের মতো মর্যাদাপূর্ণ এই পুরস্কারের মনোনয়ন পেলেন ইয়ামাল। এর আগে ২০২৪ ও ২০২৫ সালেও মনোনয়ন পেয়েছিলেন তিনি।

২০০৭ সালের ১৩ জুলাই স্পেনের মাতারোতে জন্ম নেয়া ইয়ামালের বয়স এখন ১৯ বছর। এত অল্প বয়সেই বার্সেলোনা ও স্পেন জাতীয় দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত হয়েছেন তিনি।

২০২৪ সালে প্রথমবার ব্যালন ডি’অরের মনোনয়ন পাওয়ার সময় ইয়ামালের বয়স ছিল মাত্র ১৭ বছর। সেবার তিনি অষ্টম হয়েছিলেন। এক বছর পর আরও এক ধাপ এগিয়ে দ্বিতীয় স্থান অর্জন করেন। ২০২৫ সালে উসমান দেম্বেলের কাছে হেরে রানার্সআপ হন তিনি। ২০২৬ সালের মনোনয়ন অবশ্য ইয়ামালের জন্য আরও বিশেষ। কারণ, এবার তিনি বিশ্বকাপজয়ী স্পেন দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে ব্যালন ডি’অরের দৌড়ে রয়েছেন।

গত মৌসুমে বার্সেলোনার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৫ ম্যাচে ২৪ গোল ও ১৫টি অ্যাসিস্ট করেছেন ইয়ামাল। তার পারফরম্যান্সে ভর করে বার্সেলোনা লা লিগা ও স্প্যানিশ সুপার কাপের শিরোপা ধরে রাখে।

এরপর স্পেনের হয়ে ২০২৬ বিশ্বকাপেও দুর্দান্ত পারফর্ম করেন তিনি। শিরোপার পথে স্পেনের সাতটি ম্যাচেই খেলেছেন ইয়ামাল। টুর্নামেন্টে একটি গোল করার পাশাপাশি একটি গোলে সহায়তাও করেছেন তিনি। ফাইনালে ১০ জনের আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতে স্পেন।

ক্লাব পর্যায়েও ইয়ামালের সাফল্যের তালিকা বেশ লম্বা। বার্সেলোনার হয়ে ২০২৩, ২০২৫ ও ২০২৬ সালে তিনটি লা লিগা শিরোপা জিতেছেন তিনি। ২০২৫ সালে ক্লাবের ঘরোয়া ট্রেবল জয়ের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবদান ছিল তার।

ব্যক্তিগত অর্জনেও পিছিয়ে নেই এই তরুণ তারকা। ২০২৪ ও ২০২৫ সালে টানা দুবার কোপা ট্রফি জিতে অনন্য রেকর্ড গড়েছেন তিনি। ইতিহাসের একমাত্র খেলোয়াড় হিসেবে টানা দুই বছর এই পুরস্কার জিতেছেন ইয়ামাল।

স্পেন জাতীয় দলের হয়েও অল্প বয়সেই ইতিহাস গড়েছেন ইয়ামাল। ২০২৩ সালের ৮ সেপ্টেম্বর জর্জিয়ার বিপক্ষে অভিষেকের সময় তার বয়স ছিল মাত্র ১৬ বছর ৫৭ দিন। এর মাধ্যমে স্পেনের সর্বকনিষ্ঠ খেলোয়াড় ও সর্বকনিষ্ঠ গোলদাতা হওয়ার রেকর্ড গড়েন তিনি।

এখন পর্যন্ত স্পেনের হয়ে ৩৩টি ম্যাচ খেলেছেন ইয়ামাল, করেছেন সাতটি গোল। এরই মধ্যে ইউরো ২০২৪, ২০২৫ উয়েফা নেশনস লিগ এবং ২০২৬ বিশ্বকাপের শিরোপা জিতেছেন তিনি।

নতুন মৌসুমের শুরুতেও দুর্দান্ত ফর্মে রয়েছেন ইয়ামাল। এলচের বিপক্ষে ৫-০ এবং অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে ২-০ জয়ে গোল না পেলেও রায়ো ভায়েকানোর বিপক্ষে ৩-২ জয়ে জোড়া গোল করেন তিনি। এরপর ভ্যালেন্সিয়ার বিপক্ষে বার্সেলোনার ৫-০ গোলের জয়ে আরও দুই গোল করেন এই ফরোয়ার্ড। গতকাল চ্যাম্পিয়নস লিগের ম্যাচে বার্সেলোনার ৫-১ গোলের জয়ের ম্যাচে ইয়ামাল গোল করেছেন ফ্রি কিক থেকে।

সব মিলিয়ে ২০ বছর বয়সে পৌঁছানোর আগেই ব্যালন ডি’অরে তিনবার মনোনয়ন, সবচেয়ে কম বয়সে মনোনয়ন, টানা দুই কোপা ট্রফি এবং বিশ্বকাপসহ একাধিক বড় শিরোপা, লামিন ইয়ামালের ক্যারিয়ারের শুরুটাই যে ইতিহাসে মোড়া, তা বলার অপেক্ষা রাখে না।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank