

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মাত্র ১৬ বছর বয়সেই মেজর লিগ সকারে (এমএলএস) নতুন ইতিহাস লিখছেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান। ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে টানা তৃতীয় ম্যাচে গোল করে যুক্তরাষ্ট্রের সাবেক প্রতিভাবান ফুটবলার ফ্রেডি আদুর ২১ বছরের পুরোনো রেকর্ড নিজের করে নিয়েছেন এই তরুণ।
রোববার ভোরের ম্যাচে সিএফ মন্ট্রিয়লকে ২-০ গোলে হারিয়েছে ফিলাডেলফিয়া ইউনিয়ন। দলের দ্বিতীয় গোলটি এসেছে কাভানের পা থেকে। ম্যাচের ৭৫তম মিনিটে বাঁ পায়ের দুর্দান্ত শটে বল জালে পাঠিয়ে দলের জয় নিশ্চিত করেন তিনি।
এই গোলের ফলে চলতি মৌসুমে এমএলএসে কাভানের গোল ও অ্যাসিস্ট মিলিয়ে অবদান দাঁড়িয়েছে ১১-তে। ১৬ বছর বয়সী কোনো খেলোয়াড়ের এক মৌসুমে এত বেশি গোল অবদান রাখার নজির এমএলএসে আর নেই। ২০০৫ সালে ফ্রেডি আদু ১০টি গোল অবদান রেখে যে রেকর্ড গড়েছিলেন, এবার সেটিই পেছনে ফেললেন কাভান।
রেকর্ডের তালিকায় এটিই অবশ্য তার একমাত্র সংযোজন নয়। টানা পাঁচ ম্যাচে গোল অথবা অ্যাসিস্ট করে এমএলএসের ইতিহাসে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবেও নতুন রেকর্ড গড়েছেন তিনি।
চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৭ ম্যাচ খেলেছেন কাভান। এসব ম্যাচে তার নামের পাশে রয়েছে ৭ গোল ও ১১ অ্যাসিস্ট। এমএলএসের পাশাপাশি লিগস কাপ এবং কনকাকাফ চ্যাম্পিয়নস কাপেও ফিলাডেলফিয়ার হয়ে মাঠে নেমেছেন তিনি।
মন্ট্রিয়লের বিপক্ষে ম্যাচে অবশ্য কাভানের গোলের আগে এগিয়ে যায় ফিলাডেলফিয়া। ৫৭তম মিনিটে ড্যানলি জ্যাঁ জ্যাকের গোলে ১-০ লিড নেয় স্বাগতিক দল।
ম্যাচের ৬৮তম মিনিটে পেনাল্টি পায় মন্ট্রিয়ল। গোল করে সমতা ফেরানোর সুযোগ থাকলেও প্রিন্স ওসুওর নেওয়া শট ঠেকিয়ে দেন ফিলাডেলফিয়ার গোলরক্ষক আন্দ্রে ব্লেক।
এর সাত মিনিট পরই ম্যাচের চিত্র পুরোপুরি বদলে দেন কাভান। বাঁ পায়ের শটে দ্বিতীয় গোল করে ফিলাডেলফিয়াকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি। শেষ পর্যন্ত এই ব্যবধানেই জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি।
এই জয়ের ফলে টানা আট ম্যাচ অপরাজিত থাকার কৃতিত্ব ধরে রেখেছে ফিলাডেলফিয়া ইউনিয়ন। ২৩ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের নবম স্থানে রয়েছে তারা।
আর ব্যক্তিগতভাবে কাভান সুলিভানের জন্য প্রতিটি ম্যাচই যেন নতুন কোনো রেকর্ডের দরজা খুলে দিচ্ছে। মাত্র ১৬ বছর বয়সেই এমএলএসে তাঁর পারফরম্যান্স এখন তাই আলাদা করে নজর কাড়ছে।


