মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

লন্ডনে বসবে এবারের ব্যালন ডি’অর অনুষ্ঠান, দিনক্ষণ চূড়ান্ত

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ এএম
ছবি: সংগৃহীত
expand

সাত দশকের ইতিহাসে নতুন আবহে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যালন ডি’অরের ৭০তম আসর। ঐতিহ্যবাহী প্যারিসের পরিবর্তে এবার ইংল্যান্ডের রাজধানী লন্ডনে বসবে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ফুটবল পুরস্কারের আয়োজন। আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ব্যালন ডি’অর অনুষ্ঠান।

তবে মূল অনুষ্ঠানের অপেক্ষা করতে হচ্ছে না ফুটবলপ্রেমীদের। আগামী ৮ সেপ্টেম্বর পুরুষ ও নারীসহ সব বিভাগে মনোনীতদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হবে। একই দিনে ব্যালন ডি’অরের আনুষ্ঠানিক ওয়েবসাইটেও প্রকাশ করা হবে প্রার্থীদের নাম।

পুরুষ ও নারী—দুই বিভাগেই ৩০ জন করে ফুটবলার থাকবেন শর্টলিস্টে। এর বাইরে তরুণ খেলোয়াড়, গোলকিপার, কোচ, স্ট্রাইকার ও ক্লাব অব দ্য ইয়ারসহ মোট ১২টি বিভাগে পুরস্কার দেওয়া হবে।

ভেন্যু পরিবর্তনের সঙ্গে ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ও স্মরণ করা হবে। ব্যালন ডি’অরের প্রথম বিজয়ী ইংল্যান্ডের কিংবদন্তি স্যার স্ট্যানলি ম্যাথিউসকে এবারের আয়োজনে বিশেষভাবে সম্মান জানানো হবে।

১৯৫৬ সালে প্রথম ব্যালন ডি’অর জিতেছিলেন ম্যাথিউস। সাত দশক পর তার দেশেই বসছে পুরস্কারটির ৭০তম আসর। এবারের অনুষ্ঠানে বিশ্বের শীর্ষ ফুটবলার, কোচ ও ক্লাবগুলোর প্রতিনিধিদের উপস্থিত থাকার কথা রয়েছে।

শর্টলিস্ট প্রকাশের পর শুরু হবে চূড়ান্ত ভোট গ্রহণ। আন্তর্জাতিক সাংবাদিকদের নিয়ে গঠিত জুরি এই ভোটের মাধ্যমে বিজয়ীদের নির্বাচন করবে।

পুরুষ বিভাগের ভোটে ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ১০০ দেশের একজন করে সাংবাদিক অংশ নেবেন। নারী বিভাগের জন্য শীর্ষ ৫০ দেশের একজন করে সাংবাদিক ভোট দেওয়ার সুযোগ পাবেন।

প্রতিটি ভোটার শর্টলিস্ট থেকে নিজের পছন্দের সেরা ১০ জনকে বেছে নেবেন। তালিকার প্রথম খেলোয়াড় পাবেন ১৫ পয়েন্ট। এরপর ক্রমান্বয়ে পয়েন্ট কমে দশম খেলোয়াড়ের জন্য নির্ধারিত থাকবে ১ পয়েন্ট।

শুধু ব্যক্তিগত পারফরম্যান্স নয়, খেলোয়াড়দের মূল্যায়নে আরও দুটি বিষয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—দলের সাফল্য ও অর্জন এবং মাঠ ও মাঠের বাইরে ক্রীড়াসুলভ আচরণ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank