সোমবার
৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আলভারেজকে না পেয়ে জেসুসকে কিনছে বার্সা

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬, ০৮:৩১ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

গ্রীষ্মকালীন দলবদলে একজন স্ট্রাইকার নেওয়ার পরিকল্পনা ছিল বার্সেলোনার। পছন্দের তালিকায় সবার ওপরে ছিলেন অ্যাথলেটিকো মাদ্রিদের জুলিয়ান আলভারেজ। আর্জেন্টাইন ফরোয়ার্ডকে পাওয়ার জন্য দীর্ঘ সময় চেষ্টা করেও শেষ পর্যন্ত সফল হয়নি কাতালান ক্লাবটি। তবে তাতেই থামেনি তাদের অভিযান। বিকল্প হিসেবে এবার আর্সেনালের গ্যাব্রিয়েল জেসুসকে দলে টানার কাজ প্রায় শেষ করে ফেলেছে বার্সা।

দলবদল বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানোর তথ্য অনুযায়ী, প্রায় ১০ মিলিয়ন ইউরো এবং কিছু অতিরিক্ত শর্তের বিনিময়ে জেসুসকে ছাড়তে রাজি হয়েছে আর্সেনাল। বার্সেলোনায় যোগ দেওয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে মেডিকেল পরীক্ষার জন্য ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ইতোমধ্যে স্পেনের পথে রওনা হয়েছেন।

আলভারেজকে পাওয়ার ক্ষেত্রে শুরু থেকেই বড় বাধার মুখে পড়েছিল বার্সেলোনা। অ্যাথলেতিকো মাদ্রিদ পরিষ্কার জানিয়ে দেয়, তাদের গুরুত্বপূর্ণ এই ফরোয়ার্ডকে বার্সার কাছে বিক্রি করার কোনো পরিকল্পনা নেই। ফলে শেষ দিকে নতুন লক্ষ্য নির্ধারণ করতে হয় বার্সা কর্তৃপক্ষকে।

সেই জায়গায় জেসুসকে বেছে নেওয়ার পেছনে আর্সেনালে তার বর্তমান পরিস্থিতিও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কাই হাভার্টজ ও ভিক্টর গোকেরেস দলে থাকায় আক্রমণভাগে জেসুসের নিয়মিত একাদশে জায়গা পাওয়ার সম্ভাবনা কমে যায়। ফলে তার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল।

আর্সেনালের কোচ মিকেল আর্তেতার বক্তব্যেও জেসুসের সম্ভাব্য বিদায়ের ইঙ্গিত মিলেছিল। নতুন খেলোয়াড় আসার পর দলে প্রতিযোগিতা বেড়ে যাওয়ায় ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের জন্য পরিস্থিতি আগের মতো থাকেনি।

বার্সেলোনার এবারের দলবদল অভিযান অবশ্য শুধু জেসুসেই সীমাবদ্ধ নয়। গ্রীষ্মের শুরুতেই অ্যান্থনি গর্ডন ও করিম আদেইয়েমিকে দলে এনে আক্রমণভাগে শক্তি বাড়িয়েছে তারা। এবার জেসুসের অভিজ্ঞতা ও বহুমুখী আক্রমণাত্মক দক্ষতাও যোগ হতে যাচ্ছে সেই তালিকায়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন