রবিবার
১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পেনাল্টি মিসের হ্যাটট্রিক করলেন মেসি

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ১০:৪৮ এএম
লিওনেল মেসি
expand
লিওনেল মেসি

সময়টা যেন একেবারেই ভালো যাচ্ছে না লিওনেল মেসির। পেনাল্টি মিসের হ্যাটট্রিক করেছেন আর্জেন্টাইন মহাতারকা।

তার পেনাল্টি ব্যর্থতার রাতেই ন্যাশভিল এসসির কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছে ইন্টার মিয়ামি। টানা তৃতীয় হারের তিক্ত স্বাদ পেল মেসির দল।

শনিবার (১৬ আগস্ট) জিওডিস পার্কে ম্যাচের ১৭ মিনিটে অ্যান্ডি নাহারের গোলে এগিয়ে যায় ন্যাশভিল। ২৩ মিনিটে পেনাল্টি থেকে সমতায় ফেরার সুবর্ণ সুযোগ পেয়েছিল মিয়ামি। কিন্তু মেসির নেওয়া স্পটকিক ঠেকিয়ে দেন ন্যাশভিলের গোলরক্ষক ব্রায়ান শোয়েক।

ফিরতি বলে সের্হিও রেগিলন গোল করলেও ভিডিও পর্যালোচনায় দেখা যায়, পেনাল্টি নেওয়ার সময় তিনি বক্সে ঢুকে পড়েছিলেন। ফলে গোলটি বাতিল হয়। মেসির পেনাল্টি মিসের তালিকায় যোগ হয় আরও একটি ব্যর্থতা।

এ নিয়ে টানা তিন পেনাল্টি মিস করলেন মেসি। এর আগে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে দুটি পেনাল্টি মিস করেছিলেন তিনি। এমএলএসে প্রায় এক বছর পর পেনাল্টি মিস করলেন আটবারের ব্যালন ডি'অর জয়ী এই তারকা।

প্রথমার্ধের অতিরিক্ত সময়ে অবশ্য মিয়ামিকে সমতায় ফেরান তেলাস্কো সেগোভিয়া। মেসির পাস থেকে বল পেয়ে দারুণ কারিকুরিতে ন্যাশভিলের জালে বল পাঠান তিনি।

তবে দ্বিতীয়ার্ধে মিয়ামির ওপর পুরোপুরি আধিপত্য বিস্তার করে ন্যাশভিল। সাবেক এমএলএস সেরা খেলোয়াড় হানি মুখতার করেন জোড়া গোল। এর মাঝে স্ট্রাইকার স্যাম সারিজও ব্যাকহিলে চমৎকার একটি গোল করেন।

ম্যাচের শেষদিকে হতাশায় মেজাজ হারাতেও দেখা যায় মেসিকে। সারিজের গোলের আগে ফাউল হয়েছে দাবি করে রেফারির সঙ্গে তর্কে জড়ান তিনি এবং দেখেন হলুদ কার্ড।

এরপরও ভাগ্য ফেরেনি মেসির। তার একটি শট দুই পোস্টে লেগে ফিরে আসে। পরে বল জালে জড়ালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়।

ন্যাশভিলের চতুর্থ গোলটিও আসে মিয়ামির ভুলে। গোলরক্ষক রোকো রিওস নোভো বক্সের অনেক বাইরে এসে পিছলে পড়লে সুযোগ নেন ন্যাশভিলের গোলরক্ষক শোয়েক। তার লম্বা কিক ধরে খালি জালে বল পাঠান মুখতার।

এই ম্যাচের আগে লিগে টানা ছয় ম্যাচ অপরাজিত ছিল মিয়ামি। ন্যাশভিলকে হারাতে পারলে ইস্টার্ন কনফারেন্স ও সাপোর্টার্স শিল্ডের শীর্ষে উঠতে পারত তারা। কিন্তু বড় হারে এখন ন্যাশভিলের চেয়ে পাঁচ পয়েন্ট পিছিয়ে পড়েছে মিয়ামি।

এর আগে লিগস কাপে টানা দুই ম্যাচ হেরে নকআউট পর্বে উঠতে ব্যর্থ হয়েছিল মিয়ামি। বাবা হোর্হে মেসির মৃত্যুর পর এই ম্যাচেই প্রথমবারের মতো শুরুর একাদশে ফিরেছিলেন মেসি।

টানা তিন হারের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর সুযোগ অবশ্য দ্রুতই পাচ্ছে মিয়ামি। বুধবার ফিলাডেলফিয়া ইউনিয়নের মাঠে জয়ে ফেরার লক্ষ্যে নামবে মেসির দল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank