মঙ্গলবার
২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপজয়ী ফেরান তোরেসকে দলে ভেড়াল পিএসজি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬, ০৪:২০ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বিশ্বকাপজয়ী স্প্যানিশ ফরোয়ার্ড ফেরান তোরেসকে দলে নেওয়ার ঘোষণা দিয়েছে প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। ক্লাবটির সঙ্গে ২০৩১ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। পিএসজির হয়ে তোরেস ৯ নম্বর জার্সিতে মাঠে নামবেন বলে জানিয়েছে ক্লাবটি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে।

ফুটবলে তোরেসের পথচলা শুরু হয় ভ্যালেন্সিয়ার একাডেমিতে। মাত্র সাত বছর বয়সে সেখানে যোগ দেন তিনি। ২০১৭ সালে লা লিগায় অভিষেকের পর ২০২০ সালে পাড়ি জমান ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিতে। পেপ গার্দিওলার অধীনে খেলাকালে প্রিমিয়ার লিগে মাঠে নামার পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালেও অংশ নেন। সিটির হয়ে ৪৩ ম্যাচে তার গোলসংখ্যা ছিল ১৬।

২০২২ সালে বার্সেলোনায় যোগ দিয়ে নিজের ক্যারিয়ারে নতুন অধ্যায় শুরু করেন তোরেস। ক্লাবটির হয়ে ২০৭ ম্যাচে ৬৫ গোল করেছেন তিনি। এ সময় আক্রমণভাগে দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার পাশাপাশি তিনটি লা লিগা ও একটি কোপা দেল রে শিরোপা জয়ের স্বাদ পান।

স্পেনের জাতীয় দলেও বয়সভিত্তিক পর্যায় থেকেই তোরেসের উত্থান। ২০১৭ সালে অনূর্ধ্ব-১৭ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ এবং ২০১৯ সালে অনূর্ধ্ব-১৯ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ের দলের সদস্য ছিলেন তিনি। পরবর্তীতে জাতীয় দলের নিয়মিত ও গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত হন এই ফরোয়ার্ড।

২০২০ সালে তৎকালীন স্পেন কোচ লুইস এনরিকের অধীনে জার্মানির বিপক্ষে নেশনস লিগের ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে সুযোগ পান তোরেস। এরপর ইউরো ২০২০ ও কাতার বিশ্বকাপেও স্পেনের হয়ে খেলেছেন তিনি। জাতীয় দলের হয়ে বড় মঞ্চে নিয়মিত উপস্থিতির মাধ্যমে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন এই ফরোয়ার্ড।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন