মঙ্গলবার
২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

‘এ বছর বিপিএল নাও হতে পারে’ 

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬, ০৫:১০ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

এ বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। টুর্নামেন্টটি এ বছর নাও হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। তার মতে, বিপিএল আয়োজনের ক্ষেত্রে তাড়াহুড়োর চেয়ে আরও গোছানো ব্যবস্থাপনায় গুরুত্ব দেওয়া প্রয়োজন।

দেশের একটি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বিপিএল প্রসঙ্গে তামিম বলেন, ‘এ বছর নাও হতে পারে বিপিএল। বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান আরও ভালো বলতে পারবেন।’

বিপিএল বন্ধ করে দেওয়ার কোনো পরিকল্পনা আছে কি না—এমন প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি টুর্নামেন্টটির ভাবমূর্তি ও আয়োজনের মান নিয়ে গুরুত্ব দেন। তিনি বলেন, তার ব্যক্তিগত ইচ্ছা হলো বিপিএলকে এমনভাবে আয়োজন করা, যেখানে আলোচনার কেন্দ্রে থাকবে ক্রিকেট, খেলা এবং ফলাফল; অর্থসংক্রান্ত নেতিবাচক খবর নয়।

তামিম বলেন, বিপিএল ফ্র্যাঞ্চাইজি-ভিত্তিক টুর্নামেন্ট হলেও আন্তর্জাতিক ক্রিকেটে এটি বাংলাদেশেরই একটি প্রতিনিধিত্বশীল আয়োজন। তাই এর ভাবমূর্তি রক্ষা করা বিসিবির দায়িত্ব।

২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এ বছর বিপিএল না হলে জাতীয় দলের প্রস্তুতিতে নেতিবাচক প্রভাব পড়বে কি না—এমন প্রশ্নে তামিম বলেন, এ বছর আয়োজন সম্ভব না হলেও ২০২৭ সালে ভালোভাবে টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব। পাশাপাশি দেশে অন্যান্য টি-টোয়েন্টি প্রতিযোগিতাও রয়েছে বলে জানান তিনি।

ঢাকার ক্লাব ক্রিকেট নিয়েও কথা বলেন বিসিবি সভাপতি। তার দাবি, নতুন বোর্ড দায়িত্ব নেওয়ার পর ঢাকা প্রিমিয়ার লিগ ও তৃতীয় বিভাগের ক্রিকেট আয়োজন হয়েছে। সামনে নতুন মৌসুমও শুরু হবে।

তবে দ্বিতীয় বিভাগের কয়েকটি দল অংশ না নেওয়ায় সংশ্লিষ্ট খেলোয়াড়দের আর্থিক সহায়তার বিষয়টি নিয়ে আলোচনা চলছে বলে জানান তামিম। আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন