

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে লিওনেল মেসিকে কার্যকরভাবে আটকে দেওয়া হয়েছিল। আর্জেন্টিনার অধিনায়ক নিজের স্বাভাবিক ছন্দে খেলতে পারেননি, আর পুরো দলও ছিল অনেকটাই নিষ্প্রভ। শেষ পর্যন্ত শিরোপা হাতছাড়া করতে হয় আলবিসেলেস্তেদের। তবে একটি ম্যাচের ফল মেসির প্রতি হুয়ান রোমান রিকেলমের শ্রদ্ধা ও মুগ্ধতায় কোনো প্রভাব ফেলেনি।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম ওলে-কে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক এই প্লেমেকার মেসির অসাধারণ ফুটবল মেধির প্রশংসা করে বলেন, ‘মেসি ফুটবল খেলছে, আর সেটা উপভোগ না করা অসম্ভব। সে একেবারে ভিন্নভাবে খেলে। হাঁটতে হাঁটতে পুরো ম্যাচ পর্যবেক্ষণ করে। আমরা যখন গ্যালারিতে বা টিভির সামনে উদ্বিগ্ন হয়ে খেলা দেখি, তখন সেও মাঠে থেকে খেলা পড়ে। আপনি ভাবছেন কোথায় যাবেন, কী করবেন, আর সে এরই মধ্যে সবকিছু কল্পনা করে ফেলে। সে অন্য সবার চেয়ে আলাদা। তাই যারা ফুটবল ভালোবাসে, তারা চায় মেসি আরও অনেক বছর খেলুক এবং আমরা তাকে উপভোগ করতে পারি।’
মেসির অনন্য প্রতিভা ব্যাখ্যা করতে গিয়ে বোকা জুনিয়র্সের সভাপতি রিকেলমে বলেন, ‘সে এমন কিছু চিন্তা করে, যা অন্য কারও মাথায় আসে না। সময়ের সঙ্গে সঙ্গে সে নিজেকে আরও সমৃদ্ধ করেছে। ছোটবেলায় তার গতি ছিল অবিশ্বাস্য। সবাই বলত, সে নাকি বলের চেয়েও দ্রুত দৌড়ায়। এরপর সে পাস দেওয়া শিখেছে, ফ্রি-কিক থেকে গোল করা শিখেছে। এখন সে সবই পারে। গত ২০ বছর ধরে ধারাবাহিকভাবে নিজেকে বিশ্বের সেরাদের একজন হিসেবে প্রমাণ করে যাচ্ছে। তাই এখন তাকে নিয়ে আর কিছুই আমাকে অবাক করে না।’
শৈশবে আর্জেন্টিনা ছেড়ে স্পেনে পাড়ি জমান মেসি। সেখানে বার্সেলোনার যুব একাডেমি লা মাসিয়ায় বেড়ে ওঠেন এবং দুই দশকেরও বেশি সময় কাতালান ক্লাবটির হয়ে খেলেন। সে সময় স্পেনের হয়ে খেলার সুযোগ থাকলেও জন্মভূমি আর্জেন্টিনাকেই বেছে নেন তিনি।
সেই সিদ্ধান্তের জন্য মেসির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রিকেলমে বলেন, ‘তাকে ধন্যবাদ জানানো ছাড়া আর কিছুই করার নেই। আমরা আর্জেন্টাইনরা সত্যিই সৌভাগ্যবান যে সে স্পেনের পরিবর্তে আমাদের দেশের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছে।’