শনিবার
২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রীর পোস্ট

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ০৬:৩৯ পিএম
ছবি : সংগৃহীত।
expand
ছবি : সংগৃহীত।

টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। তবে ফাইনালে স্পেনের কাছে হেরে সেই স্বপ্ন অধরাই থেকে যায়। শিরোপা হাতছাড়া হওয়ার হতাশার পাশাপাশি টুর্নামেন্টজুড়ে সুবিধা পাওয়ার অভিযোগও ঘিরে ধরেছে দলটিকে। সব মিলিয়ে আর্জেন্টাইন ফুটবলে তৈরি হয়েছে অস্বস্তিকর পরিস্থিতি, যার আঁচ লেগেছে অধিনায়ক লিওনেল মেসির মনেও।

এমন সময়ে স্বামীর পাশে দাঁড়িয়েছেন আন্তোনেলা রোকুজ্জো। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে দেশের প্রতি নিজের ভালোবাসার কথাও তুলে ধরেছেন তিনি। সম্প্রতি সাংবাদিক কনি আনসালদি আর্জেন্টিনার জীবনযাপন ও জাতীয় পরিচয় নিয়ে আবেগঘন একটি বার্তা প্রকাশ করেন। সেই পোস্ট নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন রোকুজ্জো। একই বার্তা শেয়ার করেন অ্যাঞ্জেল ডি মারিয়ার স্ত্রী জর্জেলিনা কারদোসোও।

ফাইনালের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টিনা দলকে নিয়ে নানা বিতর্কিত মন্তব্য এবং ভুয়া তথ্য ছড়িয়ে পড়ায় ক্ষোভ প্রকাশ করেন রোকুজ্জো। এক পোস্টে তিনি লেখেন, “আর্জেন্টিনা একটি পরিবারের মতো। নিজেদের মধ্যে আমরা একে অপরকে সমালোচনা করতে পারি। কিন্তু বাইরের কেউ যদি আমাদের নিয়ে কিছু বলে, তাহলে আমরা সবাই এক হয়ে তার জবাব দেব।”

এর আগে গত সোমবার মেসিকে উদ্দেশ করে আবেগঘন একটি বার্তাও দেন তিনি। সেখানে লেখেন, “তুমি সবসময়ই সেরা থাকবে। শুধু তোমার প্রতিভার জন্য নয়, বরং যেকোনো পরিস্থিতিতে নিজের আদর্শ থেকে বিচ্যুত না হওয়ার জন্য। তুমি কখনো হাল ছাড়ো না, শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে যাও এবং সবটুকু উজাড় করে দাও। তোমার এই মানসিক শক্তি, দৃঢ়তা ও বারবার ঘুরে দাঁড়ানোর ক্ষমতাই তোমাকে অনন্য করেছে।”

রোকুজ্জো আরও লেখেন, “সাফল্য আসে কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও নিষ্ঠা থেকে—প্রতিদিন তুমি আমাদের সেটিই শিখিয়েছ। এ জন্য তোমাকে ধন্যবাদ। আমাদের সন্তানদের জন্য তুমি সেরা আদর্শ, আর কোটি মানুষের অনুপ্রেরণা। তোমার প্রতি আমার শ্রদ্ধা ভাষায় প্রকাশ করার মতো নয়। এই জীবনে তোমার পাশে থাকতে পারা আমার জন্য গর্বের। আমি তোমাকে অনেক ভালোবাসি।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন