

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


২০২৬ বিশ্বকাপের শুরুতেই বড় দলগুলোর হোঁচট যেন সতর্কবার্তা হয়ে এসেছে বাকি ফেবারিটদের জন্য। নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর সাথে ড্র করেছে ব্রাজিল, জাপানের বিপক্ষে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জেতা হয়নি নেদারল্যান্ডের। এছাড়া সবশেষ বিশ্বকাপের অন্যতম দাবিদার স্পেনও পয়েন্ট হারিয়েছে কেপ ভার্দের বিপক্ষে। তাই নিজেদের প্রথম ম্যাচের আগে আর্জেন্টিনা শিবিরে আত্মবিশ্বাস থাকলেও আত্মতুষ্টির কোনো জায়গা নেই।
কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরুর আগে সংবাদ সম্মেলনে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি প্রতিপক্ষকে নিয়ে যথেষ্ট সতর্কতার কথা জানিয়েছেন। তার মতে, বর্তমান বিশ্বকাপে কোনো দলকেই সহজ প্রতিপক্ষ হিসেবে দেখার সুযোগ নেই।
স্কালোনি বলেন, আলজেরিয়া এমন একটি দল যারা কৌশলগতভাবে নিজেদের দ্রুত মানিয়ে নিতে পারে। কখনো তিন ডিফেন্ডার, আবার কখনো চার ডিফেন্ডার নিয়ে খেলার সক্ষমতা তাদের রয়েছে। পাশাপাশি দলটির খেলোয়াড়দের মান ও কোচিং কাঠামোকেও তিনি উচ্চ প্রশংসা করেছেন।
আর্জেন্টিনা কোচের মতে, মরক্কোর বিপক্ষে ব্রাজিলের পয়েন্ট হারানো কিংবা কেপ ভার্দের বিপক্ষে স্পেনের ড্র প্রমাণ করে দিয়েছে যে বিশ্বকাপের মঞ্চে ছোট-বড় দলের ব্যবধান অনেকটাই কমে এসেছে। তাই আলজেরিয়ার বিপক্ষে কোনো ধরনের অসতর্কতা দেখাতে চান না তিনি।
তবে চাপের মধ্যেও আত্মবিশ্বাস হারাচ্ছেন না স্কালোনি। ২০২২ কাতার বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে প্রথম ম্যাচে হারের স্মৃতি টেনে তিনি মনে করিয়ে দেন, একটি ম্যাচ কখনো পুরো টুর্নামেন্টের ভাগ্য নির্ধারণ করে না। তার বিশ্বাস, ভালো প্রস্তুতি ও ছন্দ নিয়েই মাঠে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
দলের জন্য ইতিবাচক খবরও রয়েছে। চোট কাটিয়ে গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস ও ফরোয়ার্ড হুলিয়ান আলভারেস আবারও খেলার জন্য প্রস্তুত। তবে শুরুর একাদশ নিয়ে এখনই বিস্তারিত কিছু জানাতে চাননি স্কালোনি। তার ভাষায়, প্রতিভাবান খেলোয়াড়ে ভরা দলে মূল চ্যালেঞ্জ হলো কাকে মাঠে নামানো হবে আর কাকে বাইরে রাখতে হবে।
এদিকে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচটি হতে যাচ্ছে লিওনেল মেসির জন্য বিশেষ এক উপলক্ষ। আর্জেন্টিনার জার্সিতে এটি হবে তার ২০০তম ম্যাচ। দলের অধিনায়ককে নিয়ে স্কালোনি বলেন, মেসি শুধু একজন ফুটবলার নন, তিনি এমন একজন যাকে মাঠে দেখতে পুরো ফুটবল বিশ্ব আগ্রহ নিয়ে অপেক্ষা করে। দলের জন্য তার গুরুত্ব সময়ের সঙ্গে কমেনি, বরং আরও বেড়েছে।
