সোমবার
৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানের গর্ব গুঁড়িয়ে সিরিজ জিতল ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬, ০২:১৪ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

চালকের আসনে থাকা ইংল্যান্ড আরও একধাপ এগিয়ে গেল। এবার পেস তাণ্ডবে দলটি গুঁড়িয়ে দিয়েছে পাকিস্তানের ব্যাটিং। পেয়েছে ১৯৪ রানের বিশাল এক জয়। সেইসঙ্গে এক ম্যাচ হাতে রেখে তিন ম্যাচের টেস্ট সিরিজটাও জিতে নিল ইংলিশরা।

দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ১৭৭ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করেছিল ইংল্যান্ড। ড্যান লরেন্স ফিফটি হাঁকিয়ে টিকে ছিলেন। ফিফটির পর বেশি দূর আগাতে পারেননি লরেন্স। ৭০ বলে ৫৪ রান করে বিদায় নেন তিনি। এরপর ওলি রবিনসন থেমেছেন ১৫ বলে ৮ রান করে। শেষ দিকে জশ টাং কিছুটা চেষ্টা চালিয়েছেন। ১৫ বলে ১২ রানের বেশি করতে পারেননি তিনি। শেষ পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ২০৮ রান তুলে থেমেছে ইংল্যান্ড। পাকিস্তানের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩৮৯ রান।

পাকিস্তানের হয়ে ৫ উইকেট শিকার করেন মোহাম্মদ আব্বাস। ২টি করে উইকেট তোলেন খুররাম শাহজাদ এবং মোহাম্মদ আলী। বিশাল রান তাড়া করে জেতার জন্য এভারেস্ট ডিঙানোর মত অসাধ্য সাধন করতে হত পাকিস্তানকে। তা আর করতে পারেনি পাকিস্তান। তবে চেষ্টা করে গেছে। শান মাসুদ এবং আজান আওয়াইসের ওপেনিং জুটি থেমেছে দলের ৭ রানের মাথাতে। ১৪ বলে ৭ রান করে বিদায় নেন আজান। তিনে নামা আব্দুল্লাহ শফিক রানের খাতা খোলার আগেই বিদায় নিয়েছেন। টিকে থাকা ওপেনার শান মাসুদ লড়াইয়ের চেষ্টা চালিয়েছেন। যদিও আরেক প্রান্তে কেউ সেভাবে টিকতে পারছিলেন না।

চারে নামা অধিনায়ক বাবর আজম ফিরেছেন ৮ বলে ৬ রান করে। ১৭ রানের মধ্যেই হাওয়া ৩ উইকেট। এরপর সাউদ শাকিলকে সাথে নিয়ে এগিয়েছেন শান মাসুদ। উইকেটের চারপাশে দারুণ সব শটে রান বের করেছেন দুজন। শান-শাকিলের কার্যকরী ব্যাটিংয়ে দলের বোর্ডে রান উঠেছে। দুজনের ব্যাটে চড়ে কিছুটা লড়াইয়ের রসদ পায় পাকিস্তান।

শানের ইনিংস লম্বা হয়নি যদিও। ৭২ বলে ২৬ রান করে সাজঘরে ফিরে যান শান মাসুদ। দ্রুত ফিরেছেন মোহাম্মদ রিজওয়ানও। ৯ বলে ১ রান করে সাজঘরে ফিরে যান রিজওয়ান। এক প্রান্ত আগলে রেখে খেলে গেছেন সাউদ শাকিল। পাকিস্তানের ব্যাটারদের মধ্যে কেবল শাকিলই কিছুটা স্বাচ্ছন্দ্যে সামলেছেন ইংলিশদের পেস। উইকেটের চারপাশে দারুণ সব শটে রান বের করেছেন। দলের বোর্ডে রান তুলেছেন। নিজেও ছুঁয়ে ফেলেন ফিফটি। আরেক প্রান্তে আলি উসমান খেলেছেন অনেক বল। ৪৪ বল থেকে ১৬ রান করে বিদায় নেন উসমান। শাকিল ফিফটির পর ছুটেছেন সেঞ্চুরির দিকে। রান বাড়িয়েছেন নিজের। দলকেও আশা দেখাতে থাকেন। জয় না এলেও অন্তত সেঞ্চুরিটা তুলে নিতেই পারতেন সাউদ শাকিল। তবে সেঞ্চুরির খুব কাছে গিয়ে সাজঘরে ফিরতে হয়েছে তাকে। ১২২ বলে ৯৭ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে জশ টাংয়ের বলে আউট হয়ে বিদায় নিয়েছেন শাকিল। সেঞ্চুরিটা আর ছুঁতে পারেননি।

এরপর পাকিস্তানও আর বেশিক্ষণ টিকতে পারেনি। ১৩ বলে ৯ রান করেছেন খুররাম শাহজাদ। ৫ বলে ৮ রান করেছেন মোহাম্মদ আলি। ১৬ বলে ১৩ রান করে টিকে ছিলেন মোহাম্মদ আব্বাস। ১৯৪ রান করে থেমেছে পাকিস্তানের দ্বিতীয় ইনিংস। ঠিক ১৯৪ রানেই জিতেছে ইংল্যান্ড। ইংল্যান্ডের হয়ে ৪ উইকেট শিকার করেছেন ওলি রবিনসন। ২ উইকেট নেন জফরা আর্চার। জশ টাং নিয়েছেন ৩ উইকেট। দারুণ এই জয়ের ফলে তিন ম্যাচের টেস্ট সিরিজে এখন ২-০ ব্যবধানে এগিয়ে গেল ইংল্যান্ড, এক ম্যাচ হাতে রেখেই জিতেছে সিরিজ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন