বুধবার
১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ বাদ, আফগানিস্তান সিরিজের সূচি ঘোষণা করল ভারত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ০৪:৩৫ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

চলতি বছর সেপ্টেম্বরে ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরের কথা ছিল। তবে সেই সময়ে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) নতুন সূচি প্রকাশ করার পর বাংলাদেশ-ভারত সিরিজ না হওয়ার বিষয়টি কার্যত নিশ্চিত হয়ে গেছে।

আগের সূচি অনুযায়ী, সেপ্টেম্বরের শুরুতে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতের। সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি—মোট ছয়টি ম্যাচ খেলার কথা ছিল দুই দলের। ১ থেকে ১৩ সেপ্টেম্বরের মধ্যে হওয়ার কথা ছিল ম্যাচগুলো।

তবে সেই সূচিতে এখন আর বাংলাদেশ নেই। বিসিসিআইয়ের ঘোষিত নতুন সূচি অনুযায়ী, ১৩, ১৫ ও ১৭ সেপ্টেম্বর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলবে ভারত। তিনটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

অর্থাৎ বাংলাদেশ সফরের সম্ভাব্য শেষ দিন ১৩ সেপ্টেম্বরই আফগানিস্তানের বিপক্ষে নতুন সিরিজ শুরু করবে ভারত। ভারতের মাটিতে ম্যাচ হলেও কাগজে-কলমে সিরিজটির আয়োজক থাকবে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

বাংলাদেশ-ভারতের মধ্যকার এ সিরিজ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল আগেই। গত বছর আগস্টে দুই দলের সিরিজ হওয়ার কথা থাকলেও রাজনৈতিক পরিস্থিতির কারণে সেটি স্থগিত হয়ে যায়। পরে সিরিজটি নতুন করে আয়োজনের সম্ভাবনা থাকলেও দুই দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সেটি নিয়ে অনিশ্চয়তা থেকেই যায়।

এদিকে গততকাল ক্রিকবাজে প্রকাশিত প্রতিবেদনে আফগানিস্তানের সঙ্গে ভারতের সিরিজ আয়োজনের সম্ভাবনার কথা সামনে আসে। সেখানে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নাসিব খানের বক্তব্যও প্রকাশ করা হয়।

আজ বিসিসিআই আনুষ্ঠানিকভাবে আফগানিস্তান সিরিজের সূচি প্রকাশ করায় বিষয়টি আরও পরিষ্কার হয়েছে। নতুন সূচিতে বাংলাদেশ-ভারত সিরিজের কোনো ম্যাচ রাখা হয়নি।

গত বছরও বাংলাদেশ-ভারত ক্রিকেট সিরিজকে ঘিরে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল। নির্ধারিত সফর শেষ পর্যন্ত হয়নি। এবার সেপ্টেম্বরের সিরিজ নিয়েও দীর্ঘদিন ধরে পরিষ্কার কোনো ঘোষণা আসেনি।

এর মধ্যেই ভারত আফগানিস্তানের বিপক্ষে নতুন সিরিজের সূচি প্রকাশ করায় বাংলাদেশ সফরের সম্ভাবনা কার্যত শেষ হয়ে গেল। ফলে দুই দেশের দ্বিপক্ষীয় ক্রিকেট সম্পর্কেও এটি নতুন একটি অনিশ্চয়তা তৈরি করল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন