

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে পূর্বাচলে আন্তর্জাতিক মানের ক্রিকেট কমপ্লেক্স ও স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা আরও জোরালো করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বোর্ড সভাপতি তামিম ইকবাল জানিয়েছেন, প্রকল্পের কিছু অংশ বিসিবির নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন করা হবে।
একই সঙ্গে পূর্বের নকশায় পরিবর্তন এনে দীর্ঘমেয়াদি পরিকল্পনার সঙ্গে মিল রেখে একটি আধুনিক অবকাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
তামিম ইকবাল জানিয়েছেন, এত বড় প্রকল্প বাস্তবায়নে সরকারের সহযোগিতা প্রয়োজন হবে। বোর্ড সভা শেষে তিনি বলেন, ‘স্টেডিয়ামের জন্য সম্ভবত সরকারের অর্থায়ন লাগবে। আর যেহেতু আপনারা জানেন, ২০৩১ সালে বাংলাদেশে ওয়ানডে বিশ্বকাপ হবে।
এটা ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্ট এবং বাংলাদেশের জন্য অনেক গর্বের বিষয়। আমি নিশ্চিত সরকার অবশ্যই বিষয়টি বিবেচনা করবে। যখন বিশ্বকাপের জন্য বিড করা হয়েছিল, তখন পূর্বাচলও সেই পরিকল্পনার অংশ ছিল।’
শুধু স্টেডিয়াম নির্মাণ নয়, পূর্বাচলে একটি আধুনিক ক্রিকেট এক্সিলেন্স সেন্টার গড়ার কাজও দ্রুত শুরু করতে চায় বিসিবি। তামিম জানান, এ প্রকল্পের অনুমোদন ইতোমধ্যে বোর্ড দিয়েছে। তবে কয়েক বছর আগে তৈরি করা নকশা বর্তমান পরিকল্পনার সঙ্গে পুরোপুরি মিলছে না বলে সেটি নতুন করে প্রণয়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিসিবির আশা, স্টেডিয়াম ও এক্সিলেন্স সেন্টারের কাজ শেষ হলে দেশের ক্রিকেট অবকাঠামো নতুন উচ্চতায় পৌঁছাবে এবং ২০৩১ বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতিও আরও শক্তিশালী হবে।