মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াডে সৌম্য

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৬ জুন ২০২৬, ১১:০১ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ করে এবার টি-টোয়েন্টি লড়াইয়ে নামতে যাচ্ছে বাংলাদেশ। বুধবার (১৭ জুন) চট্টগ্রামে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের সিরিজের প্রথম টি-টোয়েন্টি। ম্যাচের আগের দিন দলে ডাক পেয়েছেন ওপেনার সৌম্য সরকার।

মঙ্গলবার (১৬ জুন) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) টি-টোয়েন্টি স্কোয়াডে সৌম্যকে অন্তর্ভুক্ত করার বিষয়টি নিশ্চিত করে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেয়নি।

দল সংশ্লিষ্ট সূত্রে ধারণা করা হচ্ছে, অধিনায়ক লিটন দাসের শারীরিক অবস্থা নিয়ে অনিশ্চয়তার কারণেই শেষ মুহূর্তে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ব্যাটিংয়ের সময় চোটে পড়েন লিটন। যদিও পরে মাঠে নেমে ইনিংস শেষ করেন এবং দীর্ঘদিন পর মিরপুরে ব্যক্তিগত অর্ধশতকের দেখা পান। তবে ম্যাচ শেষে তার চোটের অবস্থা নিয়ে খুব বেশি আশাবাদী বার্তা পাওয়া যায়নি।

এ অবস্থায় প্রথম টি-টোয়েন্টিতে লিটনের খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছে। যদি তিনি মাঠে নামতে না পারেন, তাহলে সহ-অধিনায়ক তাওহীদ হৃদয়ের সামনে নেতৃত্ব দেওয়ার সুযোগ তৈরি হতে পারে। জাতীয় দলের সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পাওয়ার পর সেটিই হবে তার প্রথম ম্যাচ নেতৃত্ব দেওয়ার সম্ভাব্য উপলক্ষ।

অন্যদিকে ওয়ানডে সিরিজে আত্মবিশ্বাসী পারফরম্যান্সের পর টি-টোয়েন্টিতেও ধারাবাহিকতা ধরে রাখতে চাইবে বাংলাদেশ। তবে সিরিজ শুরুর আগেই অধিনায়কের ফিটনেস নিয়ে অনিশ্চয়তা দলীয় পরিকল্পনায় কিছুটা প্রভাব ফেলতে পারে।

চট্টগ্রামের উইকেট ও কন্ডিশনকে কাজে লাগিয়ে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো শুরু করার লক্ষ্য নিয়েই মাঠে নামবে স্বাগতিকরা।

দুই দলের স্কোয়াড

বাংলাদেশ : লিটন দাস (অধিনায়ক), সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, শামীম হোসেন পাটোয়ারি, তাওহীদ হৃদয় (সহ-অধিনায়ক), নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা, আব্দুল গাফফার সাকলাইন।

অস্ট্রেলিয়া : মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, কুপার কনোলি, টিম ডেভিড, জোয়েল ডেভিস, নাথান এলিস, অ্যারন হার্ডি, নিখিল চৌধুরী, জশ ইংলিস, স্পেন্সার জনসন, ম্যাথিউ কুনেমান, রাইলি মেরেডিথ, জশ ফিলিপে, ম্যাট রেনশ, অ্যাডাম জাম্পা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Senegal
Scheduled
17 Jun, 01:00 AM
VS
World Cup