

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ইনজুরির ধাক্কা লাগল চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি শিবিরে। বিশ্বকাপ শুরুর মুখে ছিটকে যাওয়ার শঙ্কায় জার্মানির ১৮ বছর বয়সী বিস্ময় বালক লেনার্ট কার্ল।
শুক্রবার (৫ জুন) শিকাগোতে এক সংবাদ সম্মেলনে জার্মান কোচ জুলিয়ান নাগেলসম্যান অত্যন্ত উদ্বেগের সাথে জানিয়েছেন, অনুশীলনে গুরুতর চোট পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বায়ার্ন মিউনিখের এই তরুণ তুর্কি।
শনিবার (৬ জুন) যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জার্মানির চূড়ান্ত প্রস্তুতি ম্যাচের আগে ডাই মানশাফটদের ক্যাম্পে এই দুর্ঘটনা ঘটে।
প্রশিক্ষণের সময় কার্ল ঠিক কীভাবে চোট পেয়েছেন তা কোচ স্পষ্ট না করলেও পরিস্থিতি যে বেশ গুরুতর, তা তার কথাতেই স্পষ্ট। নাগেলসম্যান বলেন, "সত্যি বলতে, চোটের অবস্থা একদমই ভালো দেখাচ্ছে না।
ওকে এখনই স্ক্যান করানোর জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা রিপোর্ট পাওয়ার অপেক্ষায় আছি। আমাদের এবং কার্লের- উভয়েরই পরিস্থিতিটি মেনে নেওয়ার জন্য একটি স্পষ্ট ডায়াগনোসিস দরকার। এরপরই সিদ্ধান্ত নেওয়া হবে বিশ্বকাপে তার কোনো বিকল্প খেলোয়াড়কে স্কোয়াডে ডাকা হবে কি না।"
১৮ বছর বয়সী লেনার্ট কার্লের জন্য এই মরশুমটি ছিল স্বপ্নের মতো। আলিয়াঞ্জ অ্যারেনায় ভিনসেন্ট কোম্পানির অধীনে বায়ার্ন মিউনিখের মূল দলে অভিষেক করেই বুন্দেসলিগা শিরোপা জয়ের অন্যতম নায়ক বনে যান তিনি। ঘরোয়া ফুটবলের সেই দুর্দান্ত ফর্মের কারণেই নাগেলসম্যান তাকে সরাসরি বিশ্বকাপের টিকিট দেন।
গত রোববার মেইঞ্জে ফিনল্যান্ডের বিরুদ্ধে ৪-০ গোলে জয়ের ম্যাচে জার্মানির জার্সিতে প্রথমবার শুরুর একাদশে সুযোগ পেয়েই একটি চোখ ধাঁধানো অ্যাসিস্ট করে নিজের জাত চিনিয়েছিলেন এই তরুণ ফরোয়ার্ড। কিন্তু সেই আনন্দের রেশ কাটতে না কাটতেই এখন তাঁর বিশ্বকাপ স্বপ্নই সুতোয় ঝুলছে।
কার্লের ইনজুরি চিন্তার ভাঁজ বাড়ালেও, অভিজ্ঞ গোলরক্ষক ম্যানুয়েল নয়ারকে নিয়ে কিছুটা স্বস্তির খবর দিয়েছেন জার্মান বস। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার দীর্ঘ দুই বছর পর মে মাসে সবাইকে চমকে দিয়ে আবারও জাতীয় দলে ফিরেছিলেন ২০১৪ বিশ্বকাপ জয়ের এই নায়ক। তবে সামান্য ফিটনেস ঘাটতির কারণে শনিবারের মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রীতি ম্যাচে গ্লাভস হাতে দেখা যাবে না ৩৯ বছর বয়সী এই কিংবদন্তিকে।
নয়ারের ওপর পূর্ণ আস্থা রেখে নাগেলসম্যান বলেন, "নয়ারের যে বয়স এবং অভিজ্ঞতা, তাতে মূল মঞ্চে নামার আগে তার কোনো প্রীতি ম্যাচ বা ওয়ার্ম-আপের প্রয়োজন নেই। বড় ম্যাচের চাপ কীভাবে সামলাতে হয়, তা ও খুব ভালো করেই জানে। ও প্রায় শতভাগ ফিটনেসের কাছাকাছি আছে, তবে আমরা শুধু শুধু আগামীকাল কোনো ঝুঁকি নিতে চাচ্ছি না।
আগামী ১৪ জুন কুরাসাওয়ের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপের মূল অভিযান শুরু করবে জার্মানি। কার্লের রিপোর্ট পজিটিভ আসে কি না এবং নয়ারের বিশ্বস্ত হাত জার্মানিকে আরও একটি বিশ্বকাপ এনে দিতে পারে কি না, এখন সেটাই দেখার বিষয়।
