মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তান ক্রিকেটারদের জরিমানা, মুখ খুললেন আফ্রিদি

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ০৪ মার্চ ২০২৬, ১০:৪৫ এএম
শহীদ আফ্রিদি
expand

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর পাকিস্তান দলের ক্রিকেটারদের ওপর বড় অঙ্কের জরিমানা আরোপের খবর ছড়িয়ে পড়েছে। এ নিয়ে এবার মুখ খুলেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি।

সম্প্রতি এক টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে আফ্রিদি জানান, শুধুমাত্র অর্থ জরিমানা করলেই সমস্যার সমাধান হবে না। তার মতে, যারা প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেনি তাদের প্রথম শ্রেণির ক্রিকেটে পাঠানো উচিত এবং প্রয়োজনে জাতীয় দল থেকে কিছু সময় দূরে রাখা দরকার।

আফ্রিদি বলেন, ‘৫ মিলিয়ন রুপি জরিমানা নিয়ে এত আলোচনা করার কিছু নেই। যারা পারফর্ম করতে পারেনি তাদের প্রথম শ্রেণির ক্রিকেটে পাঠানো উচিত। আমার মনে হয় কিছু খেলোয়াড়কে অন্তত দুই বছর জাতীয় দলে না খেলালেও চলবে। এই ধরনের শাস্তিই যথেষ্ট।

তিনি আরো বলেন, যেসব খেলোয়াড়ের বিশ্রাম প্রয়োজন তাদের বিশ্রাম দেওয়া উচিত এবং দলের ভেতরে প্রয়োজনীয় পরিবর্তন আনা দরকার। একই সঙ্গে তিনি জানান, এখন পর্যন্ত এ বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

এদিকে বিভিন্ন সূত্রের খবর, টি–টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার কারণে পাকিস্তান ক্রিকেট বোর্ড খেলোয়াড়দের প্রত্যেকের ওপর প্রায় ৫০ লাখ রুপি পর্যন্ত জরিমানা আরোপের বিষয়টি বিবেচনা করছে। তবে এই জরিমানা সবার জন্য সমান নাও হতে পারে।

যাদের পারফরম্যান্স সবচেয়ে হতাশাজনক ছিল তাদের ওপর বেশি শাস্তি আরোপ করা হতে পারে।

উল্লেখ্য, ২০০৯ সালের চ্যাম্পিয়ন পাকিস্তান এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইট পর্ব থেকেই বিদায় নেয়। শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেলেও সেটিই ছিল পূর্ণ সদস্য কোনো দলের বিরুদ্ধে তাদের একমাত্র জয়। এর আগে তারা ভারত ও ইংল্যান্ডের কাছে হেরে যায়। আর নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।

ফলে টানা দ্বিতীয়বারের মতো টি–টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে উঠতে ব্যর্থ হলো পাকিস্তান। এর আগে ২০২২ সালে তারা ফাইনালে উঠেছিল এবং রানার্সআপ হয়েছিল।

বিশ্বকাপের হতাশা কাটিয়ে এখন সামনে রয়েছে বাংলাদেশের বিপক্ষে সিরিজ। আগামী ১১ থেকে ১৫ মার্চ ঢাকায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে পাকিস্তান ও বাংলাদেশ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank