বুধবার
১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

টি–টোয়েন্টি বিশ্বকাপ: দুঃসংবাদ পেল ভারত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪২ পিএম
ভারতীয় ক্রিকেট দলের ওপেনার অভিষেক শর্মা
expand
ভারতীয় ক্রিকেট দলের ওপেনার অভিষেক শর্মা

চলমান টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের জন্য নতুন করে বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে খেলোয়াড়দের চোট সমস্যা। ওয়াশিংটন সুন্দর, হার্ষিত রানা ও জাসপ্রীত বুমরাহর পর এবার অসুস্থতার কারণে শঙ্কায় পড়েছেন ওপেনার অভিষেক শর্মা। তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে ভারতীয় শিবিরে।

বিশ্বকাপের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামলেও ব্যাট হাতে ব্যর্থ হন অভিষেক। ম্যাচ চলাকালীন ফিল্ডিংয়েও তাকে খুব একটা দেখা যায়নি। খেলা শেষের পর মাঠ বা ডাগআউটেও দীর্ঘ সময় তাকে উপস্থিত থাকতে দেখা যায়নি, যা তার শারীরিক অবস্থান নিয়ে প্রশ্ন তোলে।

ম্যাচের পরদিন মঙ্গলবার দলের অনুশীলনেও অংশ নিতে পারেননি বাঁহাতি এই ওপেনার। টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ব্যাটিং লাইনআপে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকার কারণে অভিষেকের অনুপস্থিতি টিম ম্যানেজমেন্টকে চিন্তায় ফেলেছে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, বেশ কিছু দিন ধরেই পেটের সমস্যায় ভুগছেন অভিষেক শর্মা। এর ফলে তিনি শারীরিকভাবে দুর্বল বোধ করছেন। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচের দিনও তিনি পুরোপুরি ফিট ছিলেন না। তা সত্ত্বেও কিছুটা ঝুঁকি নিয়েই তাকে একাদশে রেখেছিল ভারত।

ওই ম্যাচে প্রথম ওভারেই আউট হয়ে যাওয়ার পর আর মাঠে দেখা যায়নি অভিষেককে। ম্যাচ শেষে দিল্লিতে কোচ গৌতম গম্ভীরের বাসায় দলের নৈশভোজে যোগ দিলেও বেশিক্ষণ না থেকে দ্রুত হোটেলে ফিরে যান তিনি। পরদিনও অনুশীলনে নামতে পারেননি এই ওপেনার।

এ বিষয়ে ভারতীয় দলের সহকারী কোচ রায়ান টেনডেশকাট জানিয়েছেন, অভিষেকের পেটের সমস্যা এখনও পুরোপুরি কাটেনি। তিনি বলেন, ম্যাচের আগে হাতে আরও দুদিন সময় আছে। কোচের এই বক্তব্য থেকেই স্পষ্ট, নামিবিয়ার বিপক্ষে ম্যাচে অভিষেক শর্মাকে পাওয়া যাবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X