মঙ্গলবার
২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের বিপক্ষে খেলতে রাজি পাকিস্তান 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৭ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার অবসান হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মধ্যে চলমান টানাপোড়েনের পর শেষ পর্যন্ত ম্যাচটি খেলার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।

আগামী ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে অংশ নেওয়ার বিষয়ে আগের অবস্থান থেকে সরে এসেছে পিসিবি। বন্ধুপ্রতিম কয়েকটি দেশের অনুরোধের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান সরকার। সোমবার (৯ ফেব্রুয়ারি) এক্সে দেওয়া এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়।

এর আগে রোববার লাহোরে আইসিসি, পিসিবি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রতিনিধিদের মধ্যে দীর্ঘ ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিষয়টি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাছে উপস্থাপন করা হয়।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ম্যাচটি বাতিল হলে প্রায় ৫০০ মিলিয়ন ডলারের বাণিজ্যিক ক্ষতির আশঙ্কা ছিল। এই ক্ষতির বড় অংশের প্রভাব পড়তে পারত পাকিস্তান ক্রিকেট বোর্ডের ওপরও।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, ম্যাচটি খেলার বিষয়ে পাকিস্তানের ভেতরে নীরব সমর্থন থাকলেও পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি স্পষ্ট করেছিলেন, চূড়ান্ত সিদ্ধান্ত আসবে প্রধানমন্ত্রীর দপ্তর থেকেই।

শেষ পর্যন্ত সোমবার বাংলাদেশ সময় রাত ১২টার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ভারতের বিপক্ষে খেলতে সম্মতি দেন। এরপরই পাকিস্তান ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিকভাবে ম্যাচে অংশ নেওয়ার প্রস্তুতি শুরু করে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন