সোমবার
০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ভারতের বিপক্ষে না খেললে আইনি ঝামেলায় পড়বে পিসিবি

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪২ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করলেও ভারতের বিপক্ষে না খেলতে পাকিস্তান ক্রিকেট দলকে নির্দেশ দিয়েছে দেশটির সরকার। আগামী ১৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার কলম্বোয় অনুষ্ঠিত হওয়ার কথা আছে এ ম্যাচটির।

সাধারণত ভারত-পাকিস্তান ম্যাচ মানেই কোটি কোটি ডলারের রাজস্ব। আর যেহেতু এই দুই দল নিজেদের মধ্যে কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলে না তাই প্রতিবারই আইসিসি ইভেন্টে তাদের এক গ্রুপে রাখা হয়।

ফলে বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ ‘বয়কট’ করলে কোটি কোটি টাকার বাণিজ্য হারাতে পারে সংশ্লিষ্ট সম্প্রচারকারী প্রতিষ্ঠানগুলো।

এদিকে শেষ পর্যন্ত যদি পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ না খেলে তাহলে টুর্নামেন্টের অফিশিয়াল সম্প্রচারক জিওস্টার আইনি পদক্ষেপ নিতে পারে বলে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) সতর্ক করেছে আইসিসি। পিসিবির একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই।

পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়, আইসিসি পাকিস্তানের বার্ষিক রাজস্বের পুরো অংশ আটকে রাখতে পারে এবং সেই অর্থ থেকে সম্প্রচারকদের ক্ষতিপূরণ দিতে পারে। বার্তা সংস্থাটির তথ্য অনুযায়ী এই রাজস্বের পরিমাণ প্রায় ৩ কোটি ৫০ লাখ ডলার।

পিসিবির সূত্র আরও জানায়, গত সপ্তাহে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে সাক্ষাতের আগে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি বোর্ডের আইন বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করেন। তবে পিসিবি এখন নাকি গুরুতর শাস্তির জন্য প্রস্তুত।

পিটিআইকে পিসিবির সূত্র বলেন, ‘পাকিস্তান যদি ভারতের বিপক্ষে খেলতে না নামে, তাহলে শুধু আর্থিক জরিমানা বা সম্প্রচারকদের মামলার ঝুঁকিই নয়, আইসিসির ডিসপিউট রেজোল্যুশন কমিটিতে (ডিআরসি) যেকোনো চেষ্টাও ব্যর্থ হওয়ার সম্ভাবনাও রয়েছে।’

আইসিসির সব ইভেন্টের জন্য ব্রডকাস্টারদের সাথে চুক্তি রয়েছে। এক্ষেত্রে ভারত-পাকিস্তান ম্যাচ না হলে চুক্তি ভঙ্গের অভিযোগে আইনি লড়াইয়ের সুযোগ রয়েছে সম্প্রচারকদের।

সূত্রটি আরও বলেন, ‘যখন আইসিসি সমস্ত ইভেন্টের জন্য সম্প্রচারকের সঙ্গে চার বছরের চুক্তি করেছিল, সেই চুক্তিতে পাকিস্তান ও ভারতের ম্যাচও অন্তর্ভুক্ত ছিল, যার ভিত্তিতে সম্প্রচারকরা আইসিসিকে অর্থ প্রদান করেছে। সুতরাং চুক্তি ভঙ্গ হওয়ায় পিসিবি ও আইসিসিকে আদালতে তোলার আইনি অধিকার রয়েছে সম্প্রচারকদের।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X