

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সবশেষ আসরে লাহোর কালান্দার্সের হয়ে খেলেছিলেন বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেন। তবে এবার নিলামের আগে তাকে আর রিটেইন করেনি দলটি।
এবারের পিএসএলে প্লেয়ারস ড্রাফটের পরিবর্তে নিলাম অনুষ্ঠিত হবে। ফলে খেলোয়াড় ধরে রাখার নীতিতে বেশ কিছু পরিবর্তন এনেছে পিএসএল কর্তৃপক্ষ। দলপ্রতি রিটেইনের সংখ্যা কমে যাওয়ায় বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি তাদের পরিচিত মুখদের ছেড়ে দিয়েছে। এই তালিকায় আছেন রিশাদ হোসেনও।
গত মৌসুমে লাহোর কালান্দার্সের হয়ে খেলে ৭ ম্যাচে ১৩ উইকেট নিয়েছিলেন রিশাদ। পারফরম্যান্স খারাপ না হলেও নতুন নিয়মের কারণে তাকে আর ধরে রাখেনি ফ্র্যাঞ্চাইজিটি।
এবার প্রতিটি দল সর্বোচ্চ চারজন খেলোয়াড়কে রিটেইন করতে পারবে, যেখানে আগের আসরে এই সুযোগ ছিল আটজন পর্যন্ত।
রিশাদের পাশাপাশি ফখর জামান, হারিস রউফ, জামান খান ও সালমান মির্জার মতো অভিজ্ঞ ক্রিকেটারদের সঙ্গেও চুক্তি নবায়ন করেনি লাহোর। তবে দলটি ধরে রেখেছে অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি, অলরাউন্ডার সিকান্দার রাজা এবং তরুণ ব্যাটসম্যান আবদুল্লাহ শফিক ও মোহাম্মদ নাইমকে।
অন্যদিকে পিএসএলের পঞ্চম আসরের চ্যাম্পিয়ন করাচি কিংস রিটেইন করেছে হাসান আলী, আব্বাস আফ্রিদি, খুশদিল শাহ ও সাদ বেগকে। তবে শান মাসুদ, আমের জামাল ও শাহনেওয়াজ দাহানির মতো পরিচিত নামগুলোকে এবার আর দলে রাখেনি তারা।
কোয়েটা গ্লাডিয়েটর্স তাদের রিটেইন তালিকায় রেখেছে আবরার আহমেদ, উসমান তারিক, হাসান নাওয়াজ ও শ্যামল হোসেনকে। দলটি ছেড়ে দিয়েছে মোহাম্মদ আমির, রাইলি রুশো, মার্ক চ্যাপম্যান, খাওয়াজা নাফে এবং মোহাম্মদ ওয়াসিম জুনিয়রের মতো ক্রিকেটারদের।
এবারের আসরে নতুন দল হিসেবে যুক্ত হয়েছে শিয়ালকোট স্ট্যালিয়ন্স। অভিষেক মৌসুমেই আলোচনায় এসেছে ফ্র্যাঞ্চাইজিটি। নিলামের বাইরে সরাসরি চুক্তিতে তারা দলে নিয়েছে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ স্মিথকে। এই প্রথমবার পিএসএলে খেলতে যাচ্ছেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান।
মন্তব্য করুন
