বুধবার
০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশের পক্ষ নিয়ে আইসিসিকে চিঠি দিল পিসিবি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ১১:৫৪ এএম
বাংলাদেশ দল
expand
বাংলাদেশ দল

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারতে গিয়ে খেলতে অনিচ্ছুক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শুরু থেকেই নিজেদের অবস্থানে অনড় রয়েছে।

অন্যদিকে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) চাইছে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ভারতেই মাঠে নামুক বাংলাদেশ। এই টানাপোড়েনের মধ্যেই বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

বিসিবির অবস্থানের প্রতি সমর্থন জানিয়ে আইসিসিকে আনুষ্ঠানিকভাবে একটি চিঠি পাঠিয়েছে পিসিবির গভর্নিং বডি। ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, ওই চিঠির অনুলিপি আইসিসির অন্যান্য সদস্য দেশগুলোকেও পাঠানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিসিবি এর আগে শ্রীলঙ্কায় নিজেদের ম্যাচ আয়োজনের প্রস্তাব দিয়েছিল। এই ইস্যুতে আলোচনা করতে আইসিসি বুধবার একটি সভা ডেকেছে বলে জানা গেছে। তবে পিসিবির চিঠি পাওয়ার পরই সভাটি ডাকা হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

বাংলাদেশ ইস্যুতে যখন আইসিসি চূড়ান্ত সিদ্ধান্তের পথে, ঠিক তখনই পিসিবির এমন অবস্থান অনেকের কাছে বিস্ময়কর বলে মনে হচ্ছে। যদিও ধারণা করা হচ্ছে, এই চিঠি আইসিসির সিদ্ধান্তে বড় কোনো প্রভাব ফেলবে না। ক্রিকইনফোর তথ্য অনুযায়ী, ভেন্যু বা সূচি পরিবর্তনের সম্ভাবনা আপাতত খুবই কম। সম্প্রতি বিসিবির সঙ্গে হওয়া একাধিক বৈঠকেও উভয় পক্ষ নিজেদের অবস্থানে অনড় ছিল।

বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা কাটাতে আইসিসি নাকি ২১ জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়েছে—এমন তথ্যও প্রকাশ করেছে ক্রিকইনফো। তবে বিসিবি এই দাবি নাকচ করে জানায়, আইসিসির কাছ থেকে তারা কোনো নির্দিষ্ট সময়সীমার কথা জানানো হয়নি।

এদিকে, বিশ্বকাপ শুরুর সময়ও দ্রুত এগিয়ে আসছে। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। নির্ধারিত সূচি অনুযায়ী, লিগ পর্বে বাংলাদেশের তিনটি ম্যাচ কলকাতায় এবং একটি ম্যাচ মুম্বাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, এর আগেও নিরাপত্তাজনিত কারণে ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত জানিয়েছিল পাকিস্তান। সে সময় ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজনের ক্ষেত্রে হাইব্রিড মডেল অনুসরণ করা হয়। সেই অভিজ্ঞতার প্রেক্ষাপটে বাংলাদেশের সিদ্ধান্তে পিসিবির সমর্থন শেষ মুহূর্তে নতুন মাত্রা যোগ করেছে।

এর আগে গুঞ্জন উঠেছিল, বাংলাদেশের ম্যাচ পাকিস্তানে সরিয়ে নেওয়া হতে পারে বা বাংলাদেশ না খেললে পাকিস্তানও টুর্নামেন্ট থেকে নিজেদের সরিয়ে নিতে পারে। তবে এসব আলোচনা গুঞ্জনেই সীমাবদ্ধ ছিল। পিসিবি আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X