

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ফিফা বিশ্বকাপের (২০২৬) পর লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের গুঞ্জন জোরালো হলেও, আপাতত জাতীয় দল ছাড়ছেন না আর্জেন্টাইন অধিনায়ক। বরং আরও কয়েক মাস জাতীয় দলের জার্সিতে খেলে দেশের মাটিতেই বিদায় নিতে পারেন এই মহাতারকা।
আর্জেন্টিনার একাধিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, মেসির বিদায় উপলক্ষে দেশটিতে বিশেষ একটি প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। সেই ম্যাচেই জাতীয় দলের হয়ে শেষবারের মতো মাঠে নামতে পারেন আটবারের ব্যালন ডি'অরজয়ী এই ফুটবলার।
প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, বিদায়ি ম্যাচের ঘোষণা আগেভাগেই দেওয়া হবে, যাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সমর্থকেরা উপস্থিত হয়ে তাদের প্রিয় অধিনায়ককে শেষবারের মতো মাঠে দেখতে পারেন। এএফএর লক্ষ্য, মেসির মতো কিংবদন্তিকে স্মরণীয় ও মর্যাদাপূর্ণ বিদায় দেওয়া।
প্রায় দুই দশক ধরে আর্জেন্টিনার জার্সিতে অসংখ্য সাফল্য এনে দিয়েছেন মেসি। তার নেতৃত্বেই ২০২১ সালে কোপা আমেরিকা, ২০২২ সালে ফিনালিসিমা ও ফিফা বিশ্বকাপ এবং ২০২৪ সালে কোপা আমেরিকার শিরোপা জেতে আলবিসেলেস্তেরা।
জাতীয় দলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা, সর্বাধিক ম্যাচ খেলা এবং সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ডও তার দখলে। ফলে তার বিদায় আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের অন্যতম আবেগঘন মুহূর্ত হয়ে উঠবে বলেই মনে করা হচ্ছে।
তবে মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচের দিন-তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনও এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি।