শনিবার
০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ক্রীড়া কার্ড পাচ্ছেন আরও ৫০০ জন ক্রীড়াবিদ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ জুন ২০২৬, ০৩:০৪ পিএম
মতবিনিময় সভা
expand
মতবিনিময় সভা

আর্থিক সচ্ছলতা ও পেশাগত স্বীকৃতি নিশ্চিত করতে আরও ৫০০ জন ক্রীড়াবিদকে ক্রীড়া কার্ড প্রদান করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

শুক্রবার (৫ জুন) চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, জুন মাসের পর আরও ৫০০ জন ক্রীড়াবিদকে ক্রীড়া কার্ড সুবিধার আওতায় আনা হবে। ইতোমধ্যে প্রায় ৩০০ জন ক্রীড়াবিদকে ক্রীড়া কার্ড প্রদান করা হয়েছে।

এই সুবিধার মাধ্যমে খেলোয়াড়দের উন্নত স্বাস্থ্যসেবা, বিমা সুবিধা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে বলেও জানান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

এছাড়াও চট্টগ্রামে একটি আন্তর্জাতিক মানের আধুনিক স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের কথা জানিয়েছেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, খেলাধুলাকে পেশাগত স্বীকৃতি দেওয়া, নতুন প্রজন্মকে মাদক ও ডিজিটাল আসক্তি থেকে দূরে রাখা এবং একটি সুস্থ-মেধাবী জাতি গঠনের লক্ষ্যে সরকার বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করছে।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়া উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভা সঞ্চালনা করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। সভায় সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, ক্রীড়া সংস্থার প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন