

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সময় যে কত দ্রুত চলে যায়, ছয় বছর আগের একটি ছবি ফেসবুকে শেয়ার করে সেই স্মৃতিই মনে করিয়ে দিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম। ছবিতে নিজের প্রথম সন্তান মো. শাহরোজ রহিম মায়ানের সঙ্গে একই ভঙ্গিতে ক্রিকেটের গ্লাভস হাতে দেখা গেছে তাকে।
শনিবার (৫ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ছয় বছর আগের ছবিটি শেয়ার করেন মুশফিক। ছবির সঙ্গে তিনি লেখেন, ‘How time flies... this was 6 years ago।’ অর্থাৎ এর বাংলা অর্থ, ‘কীভাবে যে সময় চলে যায়, এই ছবিটি ছয় বছর আগের।’
পোস্টের ছবিতে বাঁ পাশে মুশফিক এবং ডান পাশে তার ছেলেকে দেখা যায়। দুজনের হাতেই ক্রিকেটের গ্লাভস। একই ভঙ্গিতে বসে তোলা বাবা-ছেলের ছবি পাশাপাশি দিয়ে পুরোনো স্মৃতি তুলে ধরেছেন মুশফিক।
এদিকে পোস্টে ছয় বছর আগের সেই ছবিতে মায়ানকে বেশ ছোট বয়সের দেখা যাচ্ছে। সেই সময়ের ছবিই নতুন করে শেয়ার করে সময়ের দ্রুত চলে যাওয়ার কথা উল্লেখ করে আবেগে আপ্লুত হয়েছেন ‘মি. ডিপেন্ডেবল’ খ্যাত এ তারকা ক্রিকেটার।
২০১৪ সালে জান্নাতুল কেফায়াত মন্ডির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। আর ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি প্রথমবারের মতো বাবা হন । তার সে ছেলের নাম মো. শাহরোজ রহিম মায়ান।
উল্লেখ্য, ২০০৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মুশফিকুর রহিমের। দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে বাংলাদেশের ক্রিকেটে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এই উইকেটকিপার-ব্যাটার। ক্রিকেটের তিন ফরম্যাটেই মাঠের পারফরম্যান্সের পাশাপাশি দীর্ঘদিন ধরে বাংলাদেশের ক্রিকেটের অন্যতম অভিজ্ঞ ও নির্ভরযোগ্য খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন মুশফিক।


