শনিবার
২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের কিছু শিল্পী যেন ভারতের কঙ্গনা রানাউত: মনিরা শারমিন

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ০৭:৪৯ পিএম
মনিরা শারমিন । ছবি : সংগৃহীত
expand
মনিরা শারমিন । ছবি : সংগৃহীত

ভারতের চলমান ছাত্র আন্দোলনে দেশটির সাংস্কৃতিক অঙ্গনের ভূমিকার প্রশংসা করতে গিয়ে বাংলাদেশের কিছু শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন নারী শক্তি–এর আহ্বায়ক মনিরা শারমিন। তিনি তাদের কটাক্ষ করে বলেন, ‘তারা বেশির ভাগই কঙ্গনা রানাউত। লজ্জা, লজ্জা!’

শুক্রবার (২৪ জুলাই) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে মনিরা শারমিন দাবি করেন, ভারতে ককরোচ জনতা পার্টি (সিজেপি)–এর আন্দোলনের পক্ষে দেশটির সাংস্কৃতিক অঙ্গনের বড় একটি অংশ প্রকাশ্যে অবস্থান নিয়েছে। তার ভাষ্য, সমাজকর্মী সোনম ওয়াংচুক অনশনে বসার পর অভিনেত্রী শাবানা আজমী, লেখক অরুন্ধতী রায় এবং অভিনেতা প্রকাশ রাজসহ অনেকেই আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছেন।

তিনি লেখেন, “ভারতের কালচারাল এস্টাবলিশমেন্ট প্রায় পুরোটাই ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলনের সমর্থনে আছে। তারা রাস্তায় নেমে আন্দোলনকারীদের সমর্থন দিচ্ছে। সেখানে সোনম ওয়াংচুক অনশনে বসে যায়। শাবানা আজমী, অরুন্ধতী রায় ও প্রকাশ রাজ এসে অনশনকারীদের সঙ্গে বসে যান। এটা যে একটা আন্দোলনের কত বড় শক্তি!”

এরপর বাংলাদেশের গণ-অভ্যুত্থানের সময় দেশের সাংস্কৃতিক অঙ্গনের একাংশের ভূমিকার সমালোচনা করে তিনি লেখেন, “বাংলাদেশের গণ-অভ্যুত্থানে শিক্ষক সমাজের একটি বিশাল অবদান ছিল। অথচ অল্প কয়েকজন কনটেন্ট ক্রিয়েটর, শিল্পী ও নাট্যব্যক্তিত্ব ছাড়া প্রায় সবাই পতিত ফ্যাসিস্ট সরকারের সুবিধাভোগী ও পদলেহনকারী ছিল। ৩ আগস্টের দিকে অবশ্য সংখ্যাটা বেড়েছে। তবে তার আগে কেউ টু শব্দটিও করেনি।”

পোস্টের শেষাংশে তিনি কটাক্ষ করে লেখেন, “তারা বেশির ভাগই কঙ্গনা রানাউত। লজ্জা, লজ্জা!”

উল্লেখ্য, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং নিটের প্রশ্নপত্র ফাঁসের ঘটনার প্রতিবাদে ভারতের রাজধানী দিল্লির যন্তর-মন্তর চত্বর থেকে সংসদ অভিযানের ডাক দিয়েছিল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সেই ডাকে সাড়া দিয়ে পড়ুয়া এবং সমর্থক মিলিয়ে হাজার দশেক মানুষ সমবেত হয়েছিলেন যন্তর-মন্তরে। সংসদ ভবনের দিকে মিছিল করে এগিয়ে যাওয়ার সময় বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। কাঁদানে গ্যাসও ছোড়া হয়। একের পর এক লাঠির বাড়ি পড়ে বিক্ষোভকারীদের গায়ে। আহত হন অনেকেই।

পরে এ নিয়ে সামাজিক মাধ্যমে বলিউডের তারকাদের একাংশ দিল্লি পুলিশের সমালোচনা করেন। কিন্তু এমন সময় দিল্লি পুলিশকে আন্তরিক ধন্যবাদ জানালেন বিজেপি সংসদ সদস্য অভিনেত্রী কঙ্গনা রানাউত।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন