

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সদ্য বিদায়ী সভাপতি, ডাকসুর জিএস এসএম ফরহাদকে নিজের নেতা হিসেবে উল্লেখ করেছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি ফরহাদের নেতৃত্ব, চিন্তাশক্তি ও সংগ্রামী ভূমিকার প্রশংসা করেন।
সোমবার দুপুরে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে সাদিক কায়েম লেখেন, কৈশোরকাল থেকেই ফরহাদের সঙ্গে তার পথচলা। সময়ের সঙ্গে অনেক সম্পর্ক যেখানে দুর্বল হয়ে পড়ে, সেখানে তাদের বন্ধন আরও গভীর ও দৃঢ় হয়েছে। ফরহাদের বুদ্ধিবৃত্তিক সক্ষমতা, যুক্তির দৃঢ়তা, স্পষ্ট বক্তব্য ও পরিণত নেতৃত্বের বিকাশ খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
সাদিক কায়েমের ভাষ্য অনুযায়ী, সংকটপূর্ণ সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরকে দিকনির্দেশনা দিতে ফরহাদের সুপরিকল্পিত চিন্তা ও দায়িত্বশীল ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে জুলাই বিপ্লবের নয় দফা প্রণয়ন ও বাস্তবায়নে যে নীরব পরিশ্রম ও দৃশ্যমান দৃঢ়তা প্রয়োজন ছিল, তার অন্যতম প্রধান ভরকেন্দ্র ছিলেন এসএম ফরহাদ।
পোস্টে তিনি আরও উল্লেখ করেন, ফরহাদের ব্যক্তিত্বে কোনো কৃত্রিমতা নেই। তিনি কখনো আত্মঅহংকারে ভেসে যাননি, আবার সত্য ও ন্যায়ের প্রশ্নে ছিলেন সম্পূর্ণ আপসহীন। ভুলকে ভুল এবং সঠিককে সঠিক বলার সাহস তার চরিত্রের অন্যতম মৌলিক গুণ।
ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে চালানো অপপ্রচার, পরিকল্পিত চরিত্রহনন এবং নারীদের বিরুদ্ধে অশালীন আক্রমণের বিপরীতে ফরহাদের অবস্থান ছিল স্পষ্ট, শক্ত এবং নির্ভীক- এ কথাও উল্লেখ করেন সাদিক কায়েম।
পোস্টের শেষাংশে তিনি মহান আল্লাহর কাছে দোয়া করে বলেন, জুলাই বিপ্লব ও আধিপত্যবাদবিরোধী শহীদদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে ফরহাদ যেন অগ্রণী ভূমিকা রাখতে পারেন। তার প্রজ্ঞা আরও দীপ্ত হোক, নেতৃত্ব হোক মানুষের নিরাপত্তা, ন্যায় ও শান্তির কারণ- এই কামনাই করেন তিনি।
সাদিক কায়েমের ভাষায়, ফরহাদের ভালোবাসা ও প্রজ্ঞায় গড়ে ওঠা নেতৃত্ব যেন সমাজের জন্য কল্যাণ বয়ে আনে- এই দোয়াতেই তিনি তার বক্তব্য শেষ করেন।
মন্তব্য করুন
