

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


হজযাত্রীদের ব্যয় কমাতে শুধু বিমান ভাড়া নয়, আনুষঙ্গিক খরচ কমিয়ে নতুনভাবে হজ প্যাকেজ সাজানোর কথা জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, সরকারের লক্ষ্য হলো কম খরচে আরও উন্নত সেবা নিশ্চিত করা।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় হজ ও ওমরাহ মেলায় বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, শুধু বিমান টিকিটের ভাড়া নয়, আনুষঙ্গিক খরচও কমিয়ে হজ প্যাকেজ সাজানো হবে। তিনি আরও বলেন, হজের ভাড়া কমানোর সম্পূর্ণ কৃতিত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের।
তিনি জানান, হজযাত্রীদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সৌদি আরবের রাষ্ট্রদূতকে ডাকা হয়েছিল। ওই বৈঠকে হজের ব্যয় আরও কমানোর বিষয়ে আলোচনা হয়েছে।
বিমান প্রতিমন্ত্রী বলেন, সরকার ডি ক্যাটাগরির টাকায় সি ক্যাটাগরির সুবিধা নিশ্চিত করার চেষ্টা করছে। এতে হাজিরা উল্লেখযোগ্যভাবে উপকৃত হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, ২০২৬ সালের হজ ব্যবস্থাপনার তুলনায় ২০২৭ সালের হজ ব্যবস্থাপনাকে আরও উন্নত করতে দেশের হজ এজেন্সিগুলো কাজ করছে। হাজিদের লাগেজ, খাবারসহ যেসব অসুবিধার কথা উঠে এসেছে, সেগুলো ভবিষ্যতে আর থাকবে না বলেও আশ্বাস দেন তিনি।