শুক্রবার
১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মসজিদে নববীতে হাজার হাজার মুসল্লি ইতিকাফ করছেন

সৌদি আরব প্রতিনিধি
প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ০৯:৪২ এএম আপডেট : ১২ মার্চ ২০২৬, ০৯:৪৬ এএম
ছবি: এনপিবি নিউজ
expand
ছবি: এনপিবি নিউজ

রমজানের শেষ ১০ দিন বিভিন্ন মুসল্লি ইতিকাফ পালন করবেন। ২০২৬ সালের রমজানে মদিনার মসজিদে নববীতে তিন হাজার দুই শ মুসল্লি ইতিকাফ করছেন। তাঁদের মধ্যে পুরুষের সংখ্যা দুই হাজার চার শ জন এবং নারীর সংখ্যা আট শ জন।

মসজিদে নববীর পূর্ব দিকের ছাদে পুরুষদের এবং পূর্ব সম্প্রসারণ অংশে নারীদের জন্য আলাদা ইতিকাফের স্থান নির্ধারণ করা হয়েছে। সেখানে লকার, বিশ্রামস্থান এবং অন্যান্য প্রয়োজনীয় সুবিধাও রাখা হয়েছে। অন্যদিকে মক্কার মসজিদুল হারামেও কয়েক হাজার মুসল্লি ইতিকাফ করছেন।

ইতিকাফে অংশগ্রহণের জন্য আগে থেকেই অনলাইনে নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে।

তথ্যসূত্র: আরব নিউজ, দ্য ইসলামিক ইনফরমেশন ও গালফ নিউজ।

রমজানের শেষ ১০ দিনের ইবাদত নির্বিঘ্ন করতে মদিনায় ১৮ হাজারের বেশি কর্মী এবং প্রায় ৬ হাজার যানবাহন ও সরঞ্জাম মোতায়েন করা হয়েছে। যারা আগে থেকেই নিবন্ধন করে অনুমতি নিয়েছেন, তারা ইতোমধ্যে মসজিদে নববীতে ইতিকাফ পালন শুরু করেছেন।

মসজিদে নববী বিষয়ক জেনারেল অথরিটি মুসল্লিদের জন্য নানা ধরনের সেবা চালু করেছে। এর মধ্যে রয়েছে দিকনির্দেশনা ও ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা, অনুবাদসেবা, আপ্যায়ন এবং প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ। এসব সেবার লক্ষ্য হলো মুসল্লিদের ইতিকাফকে আরামদায়ক ও স্বস্তিপূর্ণ করা।

এ ছাড়া মাঠপর্যায়ে বিশেষ দল মোতায়েন করা হয়েছে, যারা প্রবেশ ও বের হওয়ার পথ নিয়ন্ত্রণ করছে এবং সেবা কার্যক্রম তদারকি করছে, যাতে মুসল্লিরা পুরো মনোযোগ দিয়ে ইবাদত ও ধ্যানে নিমগ্ন থাকতে পারেন।

মদিনা সিটি করপোরেশনও নবীজির মসজিদ ও শহরের অন্যান্য বড় মসজিদে আগত দর্শনার্থীদের সেবা কার্যক্রম জোরদার করেছে। এ সময়ে পৌরসেবা নিশ্চিত করতে পাঁচ হাজার সাত শ’র বেশি কর্মী এবং এক হাজার ২৩০টি যানবাহন ও সরঞ্জাম নিয়োজিত করা হয়েছে। পাশাপাশি শহরে দর্শনার্থীর সংখ্যা বাড়ায় কর্তৃপক্ষ ব্যবসায়িক প্রতারণা রোধ এবং ফুটপাতের দোকান নিয়ন্ত্রণে বিশেষ অভিযানও চালাচ্ছে।

মক্কায়ও পৌরসভা ১৩ হাজারের বেশি কর্মী দিয়ে ২৪ ঘণ্টা কাজ চালিয়ে যাচ্ছে, বিশেষ করে মসজিদুল হারাম ও আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা ও অন্যান্য কার্যক্রম পরিচালনার জন্য। এ ছাড়া যাতায়াত সহজ করতে ৪২ হাজারের বেশি গাড়ি রাখার সক্ষমতা নিয়ে পাঁচটি বড় পার্কিং এলাকা প্রস্তুত করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন