

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ইতালিতে সড়ক দুর্ঘটনায় শরিফুল ইসলাম (১৯) নামে এক বাংলাদেশি তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় দেশটির বন্দর নগর নাপোলির ভিল্লে লিতেরনো এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শরিফুল ইসলাম মাদারীপুর জেলার সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মিঠাপুর গ্রামের প্রামাণিক বাড়ির নশু প্রামাণিকের একমাত্র সন্তান।
জানা গেছে, শনিবার (৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে সাইকেল চালানোর সময় তিনি দুর্ঘটনার শিকার হন। গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে স্থানীয় পুলিশ ও অ্যাম্বুলেন্স পৌঁছে স্থানীয়দের কাছে ঘটনার বিস্তারিত শুনেন। পরে তারা শরিফুলের মরদেহ উদ্ধার করে নিকটস্থ হাসপাতালের মর্গে পাঠায়।
তবে ঠিক কীভাবে এবং কোন পরিস্থিতিতে দুর্ঘটনাটি ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছেন তারা।
পারিবারিক ও প্রবাসী সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে মাত্র কয়েক মাস আগে ইতালিতে পাড়ি জমান শরিফুল। তিনি নাপোলির ভিল্লে লিতেরনো এলাকায় একটি সরকারি আশ্রয় ক্যাম্পে থাকতেন।
এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে শরিফুলের পরিবারে শোকের ছায়া নেমে আসে। মাত্র ১৯ বছর বয়সে প্রবাসের মাটিতে তার অকাল মৃত্যুতে মিঠাপুর গ্রাম এবং ইতালিতে বসবাসরত বাংলাদেশিদের মধ্যেও শোকের আবহ সৃষ্টি হয়েছে।
তবে এবিষয়ে স্থানীয় প্রবাসী বাংলাদেশী কমিউনিটির সাথে কথা বলে মরদেহ বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া শুরু করবে বলে জানিয়েছেন রোমের বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত এটিএম রকিবুল হক।


