মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

লন্ডনে হাসনাত আবদুল্লাহকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৬ জুন ২০২৬, ১০:২৬ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের লন্ডনে সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লাহকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

সোমবার (১৫ জুন) পূর্ব লন্ডনের রমফোর্ড এলাকায় একটি রাজনৈতিক অনুষ্ঠানে যোগ দিতে গেলে তার সফরকে ঘিরে বিক্ষোভ ও বিশৃঙ্খলার ঘটনা ঘটে।

জানা গেছে, ইস্ট লন্ডন মসজিদ সংলগ্ন মায়েদা গ্রিল রেস্টুরেন্টে এনসিপি ইউকে অ্যালায়েন্স আয়োজিত এক সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নিতে যান হাসনাত আবদুল্লাহ। এ সভাকে কেন্দ্র করে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখার নেতাকর্মী ও সমর্থকেরা বিক্ষোভ করেন।

একপর্যায়ে এনসিপির সমর্থক ও কর্মীদের লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মোতায়েন করা হয়। এ ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা যায়, হাসনাত আবদুল্লাহ ও তার সহযোগীরা পার্ক এলাকায় হাঁটার সময় কয়েকজন তাদের অনুসরণ করে বিভিন্ন মন্তব্য করতে থাকেন। একপর্যায়ে হাসনাত আবদুল্লাহ পাশের একটি রেস্তোরাঁয় আশ্রয় নেন। এ সময় তার সঙ্গে থাকা কয়েকজনের দিকে ডিম নিক্ষেপ করা হয়। পরে উভয়পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয় এবং একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।

এমন পরিস্থিতিতে নির্ধারিত সময়ের প্রায় তিন ঘণ্টা পর কঠোর পুলিশি নিরাপত্তার মধ্যে হাসনাত আবদুল্লাহ অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন এবং সেখানে বক্তব্য দেন। অনুষ্ঠান শেষেও তিনি পুলিশি নিরাপত্তার মধ্যেই স্থান ত্যাগ করেন।

এ ঘটনাকে ‘কাপুরুষোচিত’ আখ্যা দিয়ে এনসিপি ইউকে অ্যালায়েন্স এক বিবৃতিতে দাবি করেছে, আওয়ামী লীগ এখনো ভীতি প্রদর্শন ও অসহিষ্ণুতার রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারেনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Senegal
Scheduled
17 Jun, 01:00 AM
VS
World Cup