

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জালালাবাদ অ্যাসোসিয়েশন ইতালির উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। (২ মার্চ) রোমের তরপিনাত্তারা এম সি সি মসজিদে আয়োজিত এ অনুষ্ঠানে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে প্রবাসী বাংলাদেশি মুসলিম কমিউনিটির ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে জালালাবাদ অ্যাসোসিয়েশন ইতালির সভাপতি সাব্বির আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস রোম এর প্রথম সচিব আসিফ আনাম সিদ্দিকী। তিনি তাঁর বক্তব্যে প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও ধর্মীয় মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করেন এবং রমজানের শিক্ষা ব্যক্তিগত ও সামাজিক জীবনে বাস্তবায়নের আহ্বান জানান।
রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন খতিব মাওলানা হুমায়ন রশিদ রাজী ও হাফেজ মিসবাহ উদ্দিন। তারা পবিত্র রমজান মাসের আত্মশুদ্ধি, সংযম, তাকওয়া অর্জন এবং অসহায়-দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর গুরুত্ব তুলে ধরেন।
বক্তারা বলেন, রমজান শুধু সিয়াম সাধনার মাস নয়, এটি আত্মগঠন, নৈতিক উন্নয়ন ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার এক অনন্য সুযোগ।
অনুষ্ঠানে জালালাবাদ অ্যাসোসিয়েশন ইতালির নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও বাংলাদেশসহ বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসলমান সম্প্রদায়ের মানুষ ইফতারে অংশ নেন।
আলোচনা পর্ব শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পরবর্তীতে রোজাদারদের মাঝে ইফতার পরিবেশন করা হয়। প্রবাসের মাটিতে এ ধরনের আয়োজন প্রবাসী বাংলাদেশিদের মাঝে ভ্রাতৃত্ব, ঐক্য ও ধর্মীয় চেতনাকে আরও সুদৃঢ় করবে বলে উপস্থিত বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
মন্তব্য করুন