

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নির্বাচনের আগে এক কোটি কর্মসংস্থান তৈরির প্রতিশ্রুতি দিলেও বিএনপি সরকার প্রথম ছয় মাসে তা বাস্তবায়নে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
তিনি বলেছেন, ছয় মাসে নতুন কর্মসংস্থান তৈরি তো হয়নি, উল্টো ৯৫টি কারখানা বন্ধ হয়ে ৬১ হাজার ৮৮১ জন কর্মসংস্থান হারিয়েছেন। এভাবে চলতে থাকলে জনগণ বলতে বাধ্য হবে, ‘You came empty-handed & you have no plan at all.’ অর্থাৎ, ‘আপনারা খালি হাতে এসেছেন, আপনাদের কোনো পরিকল্পনাই নেই।
সোমবার (২৪ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বিএনপি সরকারের ৬ মাসের চিত্র তুলে ধরে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘একদিকে এক কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি, অন্যদিকে ছয় মাসে প্রায় ৬২ হাজার মানুষের চাকরি হারানো—এই বাস্তবতার মধ্যেই সরকারের কর্মসংস্থান নীতির সাফল্য-ব্যর্থতা মূল্যায়ন করতে হবে।’
তিনি বলেন, শ্রমবাজারে সরকারের সরাসরি নিয়োগের সুযোগ সীমিত। কর্মসংস্থানের মূল চালিকা শক্তি বেসরকারি খাত ও প্রবাসী শ্রমবাজার। সরকারের কাজ হবে কর্মসংস্থানের পরিবেশ তৈরি করা, নীতিগত সহায়তা দেওয়া, অর্থায়নের কাঠামো তৈরি এবং অবকাঠামোগত সুবিধা নিশ্চিত করা।
এনসিপির এই নেতা বলেন, দেশের শ্রমবাজারের বড় অংশ অনানুষ্ঠানিক খাতে। এই খাতে উদ্যোক্তাদের সহজ শর্তে অর্থায়ন নিশ্চিত করতে হবে। পাশাপাশি শিল্প খাতের চাহিদা অনুযায়ী দক্ষতা তৈরির জন্য প্রশিক্ষণ ও শিক্ষাব্যবস্থাকে শ্রমবাজারের সঙ্গে যুক্ত করতে হবে।
হাসনাতের অভিযোগ, ব্যাংকঋণের বড় অংশ সরকার নিয়ে নেওয়ায় বেসরকারি খাতে ঋণপ্রবাহ কমে গেছে। এর ফলে গ্রামীণ উদ্যোক্তা, কৃষক, জেলে ও খামারিরা প্রয়োজনীয় অর্থায়ন থেকে বঞ্চিত হচ্ছেন।
কর্মসংস্থান নীতিতে ভাতা ও কার্ডনির্ভর জনতুষ্টিবাদী কর্মসূচির সমালোচনা করে তিনি বলেন, সরকারের উচিত ভাতা ও কার্ডের পরিবর্তে উৎপাদনশীল বিনিয়োগ, দক্ষতা উন্নয়ন, সহজ অর্থায়ন এবং উদ্যোক্তাদের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ও অবকাঠামো নিশ্চিত করা।
তিনি আরও বলেন, কৃষককে শুধু ‘ফার্মার কার্ড’ দিলেই হবে না; সার, বীজ, আধুনিক কৃষিযন্ত্র এবং বাজারব্যবস্থা নিশ্চিত করতে হবে। একইভাবে পরিবারের সদস্যদের দক্ষতা উন্নয়নে বিনিয়োগ করতে হবে।
হাসনাত আবদুল্লাহ বলেন, সরকারকে দ্রুত ভাতা ও কার্ডনির্ভর জনতুষ্টির রাজনীতি থেকে সরে এসে কর্মসংস্থান তৈরির পরিবেশ গড়ে তুলতে হবে। শহর ও গ্রামে দক্ষতা উন্নয়নের ব্যবস্থা, সহজ অর্থায়ন এবং কর্মসংস্থান সহায়ক নীতি গ্রহণের আহ্বান জানান তিনি।
পোস্টের শেষ দিকে বিএনপি সরকারের সমালোচনা করে হাসনাত আবদুল্লাহ ইংরেজিতে লেখেন, ‘You came empty-handed & you have no plan at all.’ অর্থাৎ, ‘আপনারা খালি হাতে এসেছেন, আপনাদের কোনো পরিকল্পনাই নেই।’


