রবিবার
১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আমির হামজার গাড়িবহরে হামলার ঘটনায় জামায়াতের তীব্র নিন্দা 

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ০১:২৪ এএম আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ০৬:১৯ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার গাড়িবহরে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। একই সঙ্গে হামলার সঙ্গে জড়িত গণঅধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসী ও দুষ্কৃতিকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

রোববার (১৬ আগস্ট) মধ্যরাতে দেওয়া এক বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার এসব কথা বলেন।

বিবৃতিতে তিনি বলেন, ১৫ আগস্ট সন্ধ্যার দিকে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার গাড়িবহরে তাকে হত্যার উদ্দেশ্যে গণঅধিকার পরিষদের সন্ত্রাসীরা অতর্কিত ও বর্বরোচিত হামলা চালিয়েছে। তিনি এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

মিয়া গোলাম পরওয়ার বলেন, শনিবার (১৫ আগস্ট) বিকেলে কুষ্টিয়া শহরের ছয় রাস্তা মোড়ে জনসংযোগ শেষে বাসায় ফেরার পথে পুলিশ এসকর্টে থাকা অবস্থায় হামলার শিকার হন মুফতি আমির হামজা। তাকে হত্যার উদ্দেশ্যে গণঅধিকার পরিষদের সন্ত্রাসীরা হকিস্টিক ও ইট-পাটকেল দিয়ে তার গাড়িবহরে হামলা চালায়।

তার দাবি, হামলায় মুফতি আমির হামজা, তার পরিবারের সদস্য ও সফরসঙ্গীসহ সাতজন মারাত্মকভাবে আহত হয়েছেন।

একজন নির্বাচিত জনপ্রতিনিধির ওপর পুলিশের উপস্থিতিতে হত্যার উদ্দেশ্যে এ ধরনের নগ্ন ও পরিকল্পিত হামলা অত্যন্ত উদ্বেগজনক উল্লেখ করে মিয়া গোলাম পরওয়ার বলেন, এটি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির বহিঃপ্রকাশ।

তিনি আরও বলেন, এমপি আমির হামজা আগেই আইনশৃঙ্খলা বাহিনীকে উসকানিমূলক বক্তব্য ও সম্ভাব্য বিশৃঙ্খলার বিষয়ে অবহিত করেছিলেন। তা সত্ত্বেও ঘটনাস্থলে পুলিশের নিষ্ক্রিয় ও নীরব ভূমিকা অত্যন্ত দুঃখজনক। পুলিশ প্রশাসন সময়মতো কঠোর ও সতর্ক ভূমিকা পালন করলে সন্ত্রাসীরা এমন দুঃসাহস দেখাতে পারত না বলেও মন্তব্য করেন তিনি।

বিবৃতিতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অবিলম্বে হামলার সঙ্গে জড়িত গণঅধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসী ও দুষ্কৃতিকারীদের গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন মিয়া গোলাম পরওয়ার। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনকে নিরপেক্ষ ও কার্যকর পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank