সোমবার
০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফের জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে জামায়াতের উদ্বেগ ও প্রতিবাদ

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ০১ জুন ২০২৬, ০৬:৩৮ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

প্রায় দেড় মাসের মাথায় আবারও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

সোমবার (১ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এমন প্রতিক্রিয়া জানান।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, গত এপ্রিলে জ্বালানির দাম বাড়ানোর ফলে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। অথচ এই কঠিন সময়ে মানুষের আয় বাড়েনি, বরং ক্রমাগত বেকারত্ব ও অর্থনৈতিক সংকট প্রকট হচ্ছে। দিশেহারা জনগণ যখন দু’বেলা দু’মুঠো অন্ন জোগাতে হিমশিম খাচ্ছে, তখন আবারও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি করায় জনগণের ওপর ‘মরার ওপর খাঁড়ার ঘা’ হিসেবে দেখা দিয়েছে।

সরকার যেখানে আশ্বস্ত করেছিল, অন্তত এই মাসে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি করা হবে না, সেখানে পুনরায় মূল্যবৃদ্ধি করা জনগণের সঙ্গে সুস্পষ্ট প্রতিশ্রুতি ভঙ্গ ও চরম ধোঁকাবাজি বলে মন্তব্য করেন তিনি।

গোলাম পরওয়ার বলেন, বাজেট অধিবেশন শুরুর প্রাক্কালে তড়িঘড়ি করে যদি পুনরায় জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করা হয়, তবে তা হবে একটি চরম জনস্বার্থবিরোধী পদক্ষেপ। সমাজে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে ভয়াবহ রূপ ফুটে উঠেছে, তার সঙ্গে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দেশ এবং সমাজের অস্তিত্বকে আজ বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে।

অবিলম্বে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, জামায়াতে ইসলামী জনগণের ন্যায়সংগত অধিকার আদায়ের পক্ষে এবং যেকোনো ধরনের জনস্বার্থবিরোধী পদক্ষেপের বিরুদ্ধে সর্বদা সোচ্চার।

নিজেদের অধিকার ও অস্তিত্ব রক্ষার স্বার্থে দেশবাসীকে সচেতন হওয়া এবং কথা বলার উদাত্ত আহ্বানও জানিয়েছেন তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন